হলিউডে রাশিয়ার বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেভিয়াথান ছবির দৃশ্য
লেভিয়াথান ছবির দৃশ্য

মার্কিন মুলুকে রাশিয়ার বিজয়। নাকি হলিউডে রুশ আধিপত্য? ‘চাঞ্চল্যকর’ শিরোনামটা আসলে কী হতে পারে? অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের পর হলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতির আসর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। সেই পুরস্কার আসরে এবার ভিনদেশি ভাষার ছবির বিভাগে সেরা পুরস্কারটি জিতে নিয়েছে রাশিয়ান ছবি লেভিয়াথান। বয়হুড, বার্ডম্যান বা দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এর মতো ছবির বিজয়ের বাইরে এবারের গোল্ডেন গ্লোব আসরের অন্যতম ঘটনা সম্ভবত রাশিয়ার এই বিজয়। ফিল্মি দুনিয়ায় মার্কিন রাজত্ব কায়েম হওয়ার মূলে আছে হলিউড। তাদের গড়া সিনেমার সেই স্বর্গভূমিতে কীভাবে রচিত হলো চিরপ্রতিদ্বন্দ্বী রুশদের বিজয়?
ইতিহাসেই লেখা আছে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চির দ্বৈরথের পটভূমি। আর গোল্ডেন গ্লোব পুরস্কারের ইতিহাস ঘাঁটলেই আমরা জানব, এর আগে এই আসরে রুশদের বিজয় রচিত হয়েছে একবারই। সেটি সেই ১৯৬৯ সালের ঘটনা। সের্গেই বন্দারচুক পরিচালিত ওয়ার অ্যান্ড পিস জিতেছিল ভিনদেশি ভাষার ছবির বিভাগে সেরা ছবির গোল্ডেন গ্লোব। আর, রুশদের সাম্প্রতিক বিজয়ের মূলে আছেন নির্মাতা আন্দ্রেই জিয়াগিনসেভ। বার্তা সংস্থাগুলোর পাঠানো ছবিতে আন্দ্রেই জিয়াগিনসেভের হাসিমুখ দেখছিলাম আর মনে পড়ছিল গেল বছরের মে মাসের মাঝামাঝি সময়ের কথা। ফরাসি উপকূল তখন সরগরম কান চলচ্চিত্র উৎসবের উত্তাপে। প্রতিদিন আমার প্রেসবক্সে রাজ্যের সিনেমাবিষয়ক পুস্তিকা এসে জড়ো হয়। সেখানেই একদিন চোখে পড়ল লেভিয়াথান ছবির পুস্তিকা। প্রচ্ছদে একটা দানবীয় কঙ্কালের ছবি (পরে জেনেছি কঙ্কালটা তিমি মাছের)। শত পুস্তিকার ভিড়ে লেভিয়াথান আলাদা করে নজর কেড়েছিল। কিন্তু ছবিটার উদ্বোধনী প্রদর্শনী দেখার সুযোগ অনেকটা হেলায় হারিয়েছিলাম। লেভিয়াথান-এর প্রথম প্রদর্শনী দেখতে না পেরে আপসোস ছিল। সেই আপসোস চরমে উঠল কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার ঘোষণার দিন। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতল লেভিয়াথান। আন্দ্রেই জিয়াগিনসেভকে কাছ থেকে দেখলাম পুরস্কার বিজয়ীদের সংবাদ সম্মেলনে। মানুষ হিসেবে মৃদুভাষী, কথা বলেন কম। যখন বলেন, রুশ ভাষার বাইরে খুব একটা বলতে চান না। সংবাদ সম্মেলনকক্ষে ঢুকতেই সঞ্চালক তাঁর নাম ঘোষণা করলেন। কিন্তু উচ্চারণটা কোনোভাবেই মনঃপূত হলো না রুশ নির্মাতার। তৃতীয় দফায় নিজের নামটা সংশোধন করে দিলেন তিনি। তাঁর নামের উচ্চারণ জটিলতা নিয়ে সঞ্চালকের রসিকতা গায়ে না মেখেই পুরোপুরি নিজের মাতৃভাষায় জানালেন তাঁর পুরস্কার জয়ের অনুভূতি।

আলেক্সান্দার রদনিয়েনস্কি ও আন্দ্রেই জিয়াগিনসেভ (ডানে)
আলেক্সান্দার রদনিয়েনস্কি ও আন্দ্রেই জিয়াগিনসেভ (ডানে)

ইউরোপ জয়ের পর এবার মার্কিন মুলুকেও আরও বড় স্বীকৃতি পেলেন এই রুশ নির্মাতা। সেখানে তিনি কী বলেন দেখার ইচ্ছা ছিল। কিন্তু পুরস্কার মঞ্চে ছবির প্রযোজককেই সুযোগটা করে দিয়েছেন স্বল্পভাষী জিয়াগিনসেভ। ‘আমি খুবই আনন্দিত। আর ধন্যবাদ’—এইটুকুই ছিল তাঁর গোল্ডেন গ্লোব জয়ের ‘অনুভূতি’। লেভিয়াথান ছবির পটভূমি উত্তর রাশিয়ার একটি সমুদ্র শহর। যেখানে একজন মানুষ নেমেছেন তাঁর ভিটেমাটি রক্ষার সংগ্রামে। তাঁর শত্রু এক দুর্নীতিবাজ মেয়র। যিনি উন্নয়নের নামে সাধারণ মানুষের ভিটেমাটি দখল করতে চান। সুদূর রাশিয়ার এই গল্পটা কি আমাদের কাছেও একটুখানি প্রাসঙ্গিক ঠেকল? ছবির প্রযোজক আলেক্সান্দার রদনিয়েনস্কিও পুরস্কার মঞ্চে উঠে বলেছেন সে কথাই। দুর্নীতির চেহারা আসলে বিশ্বজুড়ে প্রায় একই। আর বলেছেন, ‘লেভিয়াথান-এর বিজয় আসলে রুশ ছবির বিজয়।’
শুনে প্রেসিডেন্ট বারাক ওবামা কি একটুখানি নড়েচড়ে বসবেন? অথবা ভ্লাদিমির পুতিনের মুখে কি একচিলতে গর্বের হাসি ফুটবে? সে যাক। সিনেমার ভেতরে অহেতুক কেন এই রাজনীতি টেনে আনা? কদিন আগে ইন্টারভিউ ছবি নিয়ে বারাক ওবামার উত্তর কোরিয়াকে দেওয়া ‘ধমকি’ না হয় ভুলেই যান। ক্ষমতার লড়াই আর হানাহানি এড়িয়ে মানুষকে এককাতারে নিয়ে আসাই তো মহত্তম চলচ্চিত্রের কাজ। আমরা শুধু দেখতে থাকি রাশিয়ার প্রতিভাধর এক নির্মাতার বিজয় অভিযান। যার প্রথম প্রমাণ তিনি দিয়েছিলেন ভেনিস চলচ্চিত্র উৎসবে। এবারে কান ঘুরে তিনি হাজির হলিউড মুলুকে। যেখানে রুশদের সর্বশেষ বিজয়ের পুরোভাগে ছিলেন লিও তলস্তয় স্বয়ং। তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি ওয়ার অ্যান্ড পিস গোল্ডেন গ্লোবের পর জিতেছিল অস্কারও। আন্দ্রেই জিয়াগিনসেভ কি পারবেন সে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে?