হলিউডে লাদেনকে নিয়ে মাতামাতি
ইরাক যুদ্ধের পটভূমির ওপর নির্মিত ছবি দ্য হার্ট লকারের অস্কার বিজয়ী নির্মাতা ক্যাথরিন বিগলো এবার প্রস্তুতি নিচ্ছেন লাদেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছবি নির্মাণের। আজ বুধবার দ্য টেলিগ্রাফ অনলাইন সূত্রে জানা গেছে, ‘কিল বিন লাদেন’ নামের এ ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ করছেন হার্ট লকার ছবির চিত্রনাট্যকার মার্ক বোয়েল। বেশ কিছুদিন আগে লাদেনকে ধরার ব্যর্থ একটি অভিযান নিয়ে ‘কিল বিন লাদেন’ ছবির চিত্রনাট্য তৈরির করছিলেন তিনি। কিন্তু লাদেনের মৃত্যুর পর এবার সেই চিত্রনাট্যে আনা হচ্ছে বেশ পরিবর্তন। জানা গেছে, ক্যাথরিন বিগলো এই গ্রীষ্মে ছবিটির নির্মাণকাজ শুরু করবেন ।শুধু ক্যাথরিন বিগলোই নন। লাদেনের মৃত্যুর ঘটনা নিয়ে হলিউডে আরও অনেকেই ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। লাদেনকে হত্যার জন্য অভিযান শুরুর পরই অস্কার বিজয়ী আরেক পরিচালক স্টিভেন স্পিলবার্গ ঘোষণা দিয়েছিলেন, অভিযান সফল হলেই তা নিয়ে তিনি ছবি করবেন। আর এ জন্য প্রধান চরিত্রাভিনেতাও ঠিক করে রেখেছেন তিনি। পাশাপাশি নাকি ছবিটির জন্য অগ্রিম স্বত্বও কিনে রেখেছেন তিনি।তবে লাদেনের মৃত্যু নিয়ে যদি ছবি নির্মাণ সম্ভব না হয়, তাহলে অন্তত অভিযানের ঘটনা নিয়ে মার্কিন প্রকাশকেরা নেভি সিলকে নিয়ে একটি বই প্রকাশিত করবেন বলে জানা গেছে।