হলিউডের কলাকুশলীদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি (আইএফএ) বাংলাদেশে চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের ওপর আন্তর্জাতিক মানের কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। জানা গেছে, হলিউডের অস্কার ও অ্যামি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া ও বিজয়ীরা এবং অভিজ্ঞ ব্যক্তিত্বরা এসব কর্মশালা পরিচালনা করবেন। তাঁদের মধ্যে আছেন দ্য মাস্ক অব জরো ছবির প্রডাকশন ডিজাইনার কার্লোস বারবোসা, নিকোলাস অ্যান্ড আলেকজান্ডার ছবির কস্টিউম ডিজাইনার ভ্যানি ব্ল্যাক, স্টিভেন স্পিলবার্গের সিনেমাটোগ্রাফার জানুস কিকোরা, হলিউডের চলচ্চিত্র নির্মাতা রুবেন ইডগার্ডো বেজকুইজসহ আরও অনেকে।কর্মশালার বিষয়গুলোর মধ্যে থাকবে অ্যাক্টিং ফর ফিল্ম অ্যান্ড টিভি, হাইডেফিনিশন ভিডিও ও ফিল্ম সিনেমাটোগ্রাফি, এডিটিং, প্রডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন, থিয়েটার টিভি ও ফিল্ম লাইট, অ্যাড অ্যান্ড টিভি কমার্শিয়াল নির্মাণ।ক্যামেরার সামনে অভিনয়ের বিভিন্ন কৌশল ছাড়াও আন্তর্জাতিক প্রডাকশনগুলোয় অভিনয় করার বিভিন্ন দিকে আলোকপাত করা হবে।রুবেন ইডগার্ডো বেজকুইজ এরই মধ্যে ঢাকায় এসেছেন। তিনি জানিয়েছেন, অংশগ্রহণকারীরা দেশে-বিদেশে অভিনয় ও কাজ করার সুযোগ পাবেন। শুরুতেই আসছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্ক্রিন অ্যাক্টরস স্টুডিওর পরিচালক সোনিয়া লোপেজ। ডিসেম্বরে ‘ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং’ শীর্ষক কর্মশালা পরিচালনা করবেন তিনি। অভিনয়শিল্পী, মডেল, টিভি উপস্থাপক হিসেবে কাজ করার জন্য আগ্রহীরা এই কর্মশালায় অংশ নিতে পারবেন। কর্মশালা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর। আগ্রহীদের যোগাযোগের ঠিকানা, ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি, রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র। বাড়ি-৫১০, সড়ক-৭, ধানমন্ডি, ঢাকা। মুঠোফোন: ০১৫৫২৫৭৫০২০।