হলিউডের ছবিতে প্রস্তাব পেলেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের নভেম্বরে মা হওয়ার পর থেকে অনেক কাজের প্রস্তাব পেলেও এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেননি বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি একটি হলিউডের ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। তাঁর ভক্তদের প্রত্যাশা, প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দ্রুত তিনি রুপালি পর্দায় ফিরে আসবেন।ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ড্যানিয়েল সিলভা। এর একটি চরিত্রে অভিনয় করবেন হলিউডের অভিনেতা বিলি জেন। তিনি ‘টাইটানিক’ ছবিতে কেট উইন্সলেটের হবু বর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটিতে আরও অভিনয় করবেন ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেতা লাকি আলি এবং ছোট পর্দার অভিনেত্রী সারা খান। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এরই মধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সারা খান। তিনি নিশ্চিত করেছেন, ছবিটিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ঐশ্বরিয়াকে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘সম্প্রতি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তি সই করেছি। এ বছরের ১৩ সেপ্টেম্বর থেকে লস অ্যাঞ্জেলেসে আমরা শুটিং শুরু করব। থ্রিলারধর্মী ছবিটিতে বিলি জেনের সহধর্মিণী চরিত্রে দেখা যাবে আমাকে। নির্মাতাদের কাছ থেকে আমি জেনেছি, ছবিটিতে অভিনয়ের জন্য ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।’এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে গেছেন ঐশ্বরিয়া। শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলার জন্য এখন কঠোর পরিশ্রম করছেন তিনি। মূলত হলিউডের ছবিটিতে অভিনয় করতে চান বলেই আগের মতো মেদহীন শারীরিক অবয়বে ফিরে আসার চেষ্টা করছেন ৩৮ বছর বয়সী এ তারকা।২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুজারিশ’ ছবিতে সর্বশেষ বড় পর্দায় ঐশ্বরিয়াকে দেখার সুযোগ পেয়েছিলেন দর্শকেরা। তাঁকে আবারও রুপালি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা। হলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়ে ভক্তদের সেই আগ্রহের অবসান তিনি ঘটান কি না, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক ছবির অঙ্গনে ঐশ্বরিয়া পা রাখেন ২০০৪ সালে। সে বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ছবিটি। পরবর্তী সময়ে ‘মিসট্রেস অব স্পাইসেস’, ‘প্রোভোকড’, ‘দ্য লাস্ট লিজিওন’ এবং ‘দ্য পিংক প্যান্থার ২’ ছবিতে অভিনয় করেন তিনি।