হলিউডের ছবিতে বিপাশা বসু
বলিউডে প্রায় এক দশকেরও বেশি সময় পার করে দিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন হলিউডের ছবিতে। ব্রিটিশ-ফরাসি পরিচালক রোলান্ড জোফ পরিচালিত এ ছবিটির নাম ‘সিঙ্গুলারিটি’। ছবিটি সম্পর্কে বিপাশা বসু বলেন, ‘এতে কাজ করার ব্যাপারে পরিচালক রোলান্ডের সঙ্গে গত সেপ্টেম্বরেই আমার কথা হয়। মুম্বাইয়ে আমি তাঁর সঙ্গে দেখাও করি। তাঁর কাছে আমি যখন গল্পটি শুনি তখন বেশ আগ্রহী হই ছবিটিতে কাজ করার ব্যাপারে। এটি আমার জীবনের একটা বড় মাইলফলক হয়ে থাকবে। ছবিটিতে চুক্তি স্বাক্ষরের পর আমি কতটা খুশি তা বলে বোঝাতে পারব না।’ ‘সিঙ্গুলারিটি’ ছবিটি মূলত ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার সঙ্গে ভারতীয় নারীর প্রেমের সম্পর্ক নিয়ে নির্মিত হবে। এর শুটিং হবে ভারত ও অস্ট্রেলিয়ায়। ছবির শুটিংয়ের জন্য এ সপ্তাহেই ব্রিসবেনে যেতে হবে বিপাশা বসুকে। এ জন্য এবারের দিওয়ালিতে দেশে থাকা হচ্ছে না তাঁর। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভয় দেওলের অভিনয় করার কথা রয়েছে বলে জানা গেছে।