হলিউডের ডায়েরি
বড় পরিবার সুখী পরিবার!মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ-এ নিশ্চয়ই দেখেছেন। একাই শতেক ষন্ডামার্কা ভিলেনকে সামলাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। সদা ব্যস্ত দুই হাতের দুই বন্দুক। পাও চালাতে হচ্ছে মওকামতো, ধেয়ে আসা ভিলেনদের কুংফুর প্যাঁচে কুপোকাৎ করতে। বাস্তব জীবনেরও কিন্তু প্রায়ই অনেকটা কাছাকাছি পরিস্থিতির মধ্যে পড়েন। না ভিলেনদের নয়, ৩৬ বছর বয়সী হলিউড তারকাকে সামলাতে হয় তাঁর ছয়-ছয়টি বাচ্চাকে। এই বাচ্চা কাঁদছে তো ওপাশে দুটো হুটোপুটি খাচ্ছে, এদিকে আবার বাকি দুজন মিলে চুলোচুলি করছে—এ এক মহা হাঙ্গামা। জোলি তাই ঠিক করেছেন, আর বাচ্চা নয়। যথেষ্ট হয়েছে।ছয় সন্তানের তিনজনকে জোলি দত্তক নিয়েছেন। মাডক্স তাঁর দত্তক নেওয়া প্রথম সন্তান। এর পর প্যাক্স আর জাহারা। কম্বোডিয়া, ইথিওপিয়া আর ভিয়েতনাম থেকে এই তিন অনাথ শিশুকে নিজের কোলে তুলে নেন। আর নিজের কোলজুড়ে আসে আরও তিন সন্তান শিলোহ, নক্স আর ভিনি। তিনজন নিজের রক্তের হতে পারে, জোলি কিন্তু ছয়জনকেই সমান মাতৃস্নেহ দিয়ে বড় করছেন। আদরের বণ্টনে একেবারেই সাম্যবাদ চলছে তাঁর ঘরে।পর্দায় যতই তাঁকে মারদাঙ্গা অ্যাকশন করতে দেখা যাক, জোলির মাতৃহূদয় আসলে আবেগে টইটুম্বুর। পশ্চাৎপদ কোনো দেশে গেলে শত ব্যস্ততার ভিড়েও একবার না একবার কাছাকাছি কোনো অনাথ আশ্রমে গিয়ে আর কিছু না হোক, নিদেন হাত বুলিয়ে দিয়ে আসবেন বাচ্চাদের মাথায়। মাতৃস্নেহের জন্য বুভুক্ষের মতো তাকিয়ে থাকাদের পক্ষে এও অনেক বড় পাওয়া। আর কারও জন্য মন বিশেষ কাঁদলে জোলি তো সোজা তাঁকে নিজের সন্তান বানিয়ে নিয়ে আসেন বাড়িতে।কিন্তু জোলি নিজেও বুঝতে পারছেন, আর বেশি সন্তান নিলে তাঁর পক্ষে সবাইকে ভালোভাবে মানুষ করা সম্ভব নয়। তাই একটিই সন্তান নেবেন। তারপর পুরোদমে মানুষ করবেন সাত-সাতটি হিরের টুকরোকে। বড় পরিবারই সুখী পরিবার!সংসার-বিবাগীঅ্যাঞ্জেলিনা জোলির মতো পর্দায় মারপিট, ঢিসুম-ঢুসুম তিনিও কম করেন না। চার্লি’স অ্যাঞ্জেলস-এর সৌজন্যে তো বিখ্যাতই হয়ে আছেন অ্যাকশন-কন্যা হিসেবে। কিন্তু তুলনাটা যখন পরিবার-জীবন নিয়ে, জোলির ঠিক উল্টো অবস্থানে ক্যামেরন ডিয়াজ। বাচ্চাকাচ্চা সামলানোর ‘ধকল’ তিনি নিতে রাজি নন। সংসারজীবনও তাঁর কাছে মস্ত বড় এক ধাঁধা। সং সাজাই যেখানে সার—এই বুঝি সংসার নিয়ে ডিয়াজের দর্শন। পায়ে শেকল তাই কিছুতেই পরাবেন না। মুক্তকচ্ছই হয়ে থাকতে চান। আর তাই প্রেমিকপ্রবর অ্যালেক্স রদ্রিগেজ যখন বিয়ের কথা তুললেন, ডিয়াজ নাকি স্রেফ ঠসা হয়ে গিয়েছিলেন। পড়েছিলেন আকাশ ছেড়ে। বিয়ে! এ আবার কী!সাফ জানিয়ে দিয়েছেন, বিয়ের বন্ধনে এখনই জড়াবেন না। কিন্তু মেঘে মেঘে বয়স তো আর কম হলো না। দুই মাস পরেই ৩৯ বছর পূর্ণ হবে। এবার তো বিয়ে থা করে থিতু হতে হয়। কিন্তু সংসারের খাঁচায় ডিয়াজকে পুরোতে পারলে তো!ম্যাট ডিলন, ড্যারেড লেটো, জাস্টিন টিম্বারলেক—সবার সঙ্গেই চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু বিয়েশাদির কথা তুলতে দেননি। শেষে তো শোবিজ জগৎ ছেড়ে প্রেমিক হিসেবে বেছে নিলেন বেসবল তারকা ‘এ-রড’কে। কিন্তু সমপ্রতি রদ্রিগেজ নাকি সম্পর্কটার পায়ে কুড়োল চালিয়েছেন। বিয়ের প্রস্তাব পেড়েছেন ডিয়াজের কাছে। আর তাইতেই ডিয়াজ নাকি মানে মানে কেটে পড়তে চাইছেন। এই খবরের আবার ভিন্ন দুটো সংস্করণ আছে। প্রথমটি হলো, মোটেও এমন কিছু ঘটেনি। দিব্যি তাঁরা ঘরদোর করছেন। আর দ্বিতীয় সংস্করণটি বলছে, এবার পাশার দান উল্টে গেছে। ডিয়াজই নাকি রদ্রিগেজের কাছে বিয়ের জন্য চাপ দিয়েছেন। আর রদ্রিগেজ জবাব দিয়েছেন, এখনই বিয়ে নয়। বেসবলে আরও বেশি মনোযোগ নাকি দিতে হবে তাঁর।