হলিউডের ডায়েরি
ক্লান্তি আমার ক্ষমা করো...কুড়িতেই বুড়ি? না হলে এই বয়সেই কেন অভিনয় ছাড়ার কথা ভাববেন জেনিফার লরেন্স!সবে কেরিয়ার শুরু করেছেন। আলোচনায় এসেছেন গত বছর করা উইন্টারস বোন ছবিটি দিয়ে। ডলির ভূমিকায় অনবদ্য অভিনয় করে লরেন্স শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অস্কার, গোল্ডেন গ্লোবসহ বিশ্বের নামকরা সব চলচ্চিত্র পুরস্কারে। পুরস্কারও জিতেছেন গন্ডা খানেক। এই ছবির বদৌলতেই এক্স-মেন সিরিজের পরবর্তী ছবিতে সুযোগ পেয়েছেন। কাজ করছেন বড় বাজেটের ছবি দ্য হাঙ্গার গেমস-এ। স্বাভাবিকভাবেই এর পর থেকে জীবনের মানচিত্রই পাল্টে গেছে তাঁর। যশ-খ্যাতির সাগরে ভাসছেন। সাংবাদিকের খবরে তিনি। যেখানেই যান, হুমড়ি খেয়ে পড়ে আলোকচিত্রীরা। সত্যি বলতে, এই বয়সে খ্যাতির সাগরে সাঁতরাতে গিয়ে যেন হাঁপিয়ে উঠেছেন। দীর্ঘশ্বাস ফেলে বলছেন, ‘আমি ক্লান্ত প্রাণ এক...’। জীবনটাই বিষিয়ে উঠেছে। তারকাখ্যাতি আর উপভোগ করছেন না মোটেও; বরং তা তিতকুটে স্বাদ এনে দিচ্ছে। আর এ কারণেই পালিয়ে বাঁচতে চান। খ্যাতির আলোঝলমলে মঞ্চটা যে একদমই ভালো লাগছে না তাঁর। আড়ালের আবছায়াটাই ভালো।নিজের এই হতাশার কথা খোলাখুলিই বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। মেরি ক্লেয়ার সাময়িকীকে বলেছেন, এখনই অবসরের ভাবনা পেয়ে বসেছে তাঁকে, ‘লোকে হুট করে আমার দিকে অন্যভাবে তাকাতে শুরু করেছে। আমি এর সঙ্গে অভ্যস্ত হতে পারছি না। কোনো পার্টিতে গেলে আমি আড়ালে, একদম অদৃশ্য হয়ে থাকতেই পছন্দ করতাম। কিন্তু এখন সবাই আমাকে দেখছে, আমার দিকে সবার মনোযোগ পেতে রাখা।’ অমৃতে অরুচি২০০৭ সালে ট্রান্সফরমারস সিরিজের প্রথম ছবি মুক্তি পায় যখন, মেগান ফক্সের বয়স মাত্র ২১, শিয়া লাবিউফেরও তা-ই। এরপর এই সিরিজের দ্বিতীয় ছবিও মাত করে দেয় ২০০৯ সালে। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে তৃতীয় ছবি ট্রান্সফরমার: ডার্ক অব দ্য মুন। তৃতীয় সিরিজে কাজই করতে চাননি মেগান ফক্স। ফলে এবারের ছবিতে নতুন প্রেমিকা পেয়েছেন লাবিউফ। কিন্তু এই সিরিজের চতুর্থ ছবিতে আর লাবিউফকেও দেখা যাবে না। ফক্সের মতো ছবির নায়কও সিদ্ধান্ত নিয়েছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়।’ফক্স কেন সোনার ডিম পাড়া হাঁসটি হাতছাড়া করলেন, এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। তবে এত দিন বাদে লাবিউফ জানালেন, ফক্সের মধ্যে নারীত্ববোধ জেগে উঠেছে বলেই সাফল্যের নিশ্চয়তা থাকার পরও ছেড়ে দিয়েছেন এই সিরিজ। কারণ, ভেবে দেখেছেন, প্রথম দুটো ছবিতে তাঁর ভূমিকা ছবির গ্ল্যামার বাড়ানো ছাড়া খুব বেশি কিছু ছিল না। দুটো ছবিতেই ফক্সকে উপস্থাপন করা হয়েছে যৌনাবেদনময়ী হিসেবে। আর এখানেই আপত্তি ফক্সের। এটা না হয় বোঝা গেল, কিন্তু লাবিউফ কেন ছাড়তে চাইছেন? তিনি তো ছবির কেন্দ্রীয় চরিত্রই। আসলে হাঁপিয়ে উঠেছেন তিনিও। এবার বের হয়ে আসতে চাইছেন এই ছবির বৃত্ত থেকে। শুধু তিনি নন, পরিচালক মাইক বে-ও হয়তো আর এই সিরিজ পরিচালনা করবেন না। এমনটাই ইঙ্গিত দিলেন লাবিউফ, ‘এটা নিশ্চিত, আমি আর এতে থাকছি না। আমার মনে হয় না মাইকও আর করবেন।’নায়ক থাকছেন না, নায়িকাও নেই, এমনকি চলে যাচ্ছেন পরিচালকও। ট্রান্সফরমারস সিরিজের কি এখানেই সমাপ্তি? না, প্রযোজকের কাছে সোনার ডিম পাড়া হাঁসটা যে এখনো অমূল্য!