হলিউডের ডায়েরি
বিয়েকে ‘না’বিয়ে! এভা মেন্ডেস যেন বিয়ের কথা শুনেই এভাবে আকাশ থেকে পড়েন। ‘বিয়ে’ শব্দটা তাঁর আশপাশে উচ্চারিত হলেই প্রথমে ভান করেন তিনি বোবা-কালা, একদমই শুনতে পাননি। তার পরও কেউ যদি প্রশ্নটা ঠেসেই ধরে, ‘ম্যাডাম, বিয়ে করছেন কবে?’ ঠাস করে পাল্টা একটা জবাবও মেন্ডেস দিয়ে দেবেন। বিয়ে নাকি তাঁর কাছে সব সেকেলে ব্যাপার-স্যাপার! কিন্তু মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। বয়সের ঘড়ির কাঁটা ৩৭ পেরোতে চলেছে। প্রেমিক, চলচ্চিত্রনির্মাতা জর্জ অগাস্তোর সঙ্গে প্রেম-প্রেম খেলাও তো অনেক দিন হলো, প্রায় ১০ বছর। এবার বিয়ে থা করে ঘরসংসার শুরু করে দিলেই তো পারেন। খেপেছেন! এই প্রশ্ন যে সাংবাদিকেরাই করেছেন, মেন্ডেস যথাসম্ভব ভদ্র ভাষায় ঝাঁজালো উত্তরই দিয়েছেন। সদ্যই যেমন সাফ বলে দিলেন, ‘আমি মনে করি না আমার বিয়ে করার প্রয়োজন আছে। বিয়েটা আমার কাছে সেকেলে ব্যাপার মনে হয়। হয়তো আমি ততটা ঐতিহ্যপ্রিয় নই। হ্যাঁ, আমিও দৃঢ় বন্ধন, পারস্পরিক দায়বদ্ধতা, আত্মিক সম্পর্কে বিশ্বাস করি...এবং অবশ্যই পরিবার আর ভালোবাসার ওপরও আমার আস্থা আছে। কিন্তু বিয়েটা কেন জানি মনে হয় আমার জন্য নয়।’‘লাভ’-এ লস!এর পর থেকে জেনিফার লাভ হিউয়িটকে কোনো ছবিতে নেওয়ার আগে দুবার ভাববেন প্রযোজক-পরিচালকেরা। লাভ মানে যে এখন রীতিমতো লস! ১৯৮৫ সালের পর যত অভিনেত্রী হলিউডে কাজ করেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে জঘন্য অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশি ভোট পড়েছে লাভের বাক্সেই! স্লেট ডট কম নামের একটি ওয়েবসাইট এই জরিপ পরিচালনা করেছে। মুভি রিভিউয়ের জন্য খ্যাত রোটেনটমাটোস ডট কম নামের সাইটটিতে পাওয়া হলিউড তারকাদের রেটিংয়ের ওপর ভিত্তি করে সবচেয়ে ভালো আর সবচেয়ে জঘন্য অভিনেতা-অভিনেত্রীর তালিকা বানিয়েছিল স্লেট ডট কম। আর সেখানেই বিপুল ব্যবধানে ‘জয়ী’ হয়েছেন লাভ। আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার ছবির সিক্যুয়েল, গারফিল্ড সিরিজের দুই ছবি, সিস্টার অ্যাক্ট টু—এই ছবিগুলোই অনাকাঙ্ক্ষিত এই প্রাপ্তি এনে দিয়েছে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে। লাভকে বুঝি কেউই ভালোবাসে না! সূত্র:ওয়েবসাইট