হলিউডের ডায়েরি
জোলির পথেজোলির অভিনয় থেকে ছুটি নেওয়ার কারণটা না-হয় বোঝা গেল। অভিনয় করছেন কম দিন তো আর হলো না। সেই ১৯৮২ সালে অভিষেক হয়েছিল তাঁর রুপালি পর্দায়। সাত বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। সেই হিসাবে ক্যারিয়ারটা তাঁর প্রায় তিন দশকের। ছুটি তিনি চাইতেই পারেন। কিন্তু এমা স্টোন? তিনিও কেন ছুটি চাইছেন? বয়স মাত্র ২২। ক্যারিয়ার শুরু করেছেন এই সেদিন, ঠিক করে হিসাব নিলে মাত্র চার বছর। দুই বছর আগেও তাঁকে পেতে হয়েছে উঠতি তারকার পুরস্কার। এখন তো কেবলই সামনে এগিয়ে যাওয়ার পালা। জোম্বিল্যান্ড, ইজি এ দিয়ে সেই সামনে এগোনোর সিঁড়িটাও পেয়ে গেছেন। অথচ সেই স্টোন বলছেন, অভিনয়ের চেয়ে তাঁকেও নাকি বেশি টানে ক্যামেরার ফোকাসের বাইরের জগৎটা। না, জোলির মতো এখনই পরিচালক তিনি হতে চান না। সেই বয়স বা অভিজ্ঞতা কোনোটাই তাঁর নেই। তবে স্টোনের খুব ইচ্ছা, তিনি নাম কামাবেন প্রযোজক হিসেবে। ‘একটা স্বপ্ন আমি মনে মনে পুষে রেখেছি, প্রযোজক হওয়ার স্বপ্ন, ক্যামেরার পেছনে কাজ করার স্বপ্ন।’ কিন্তু অভিনয়জীবনের সমস্যাটা কোথায়? সমস্যা প্রতিদিনের রুটিন বাঁধা জীবনে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। খেতে হবে ডায়েট চার্ট মিলিয়ে। যেন এটা জীবন নয়, জটিল সমীকরণের এক অঙ্ক। না, এমন নয় অভিনয়ের প্রতি অরুচি ধরে গেছে তাঁর। তবে ‘এইম ইন লাইফ’ রচনাটা লিখতে দিলে স্টোন অভিনেত্রী নয়, লিখবেন পরিচালক হওয়ার কথাই। ‘এখনো অভিনয়টা আমি যথেষ্ট উপভোগ করছি। তবে আমার মনে হয়, একদিন আমি ঠিকই প্রযোজক হয়ে উঠব। সফল প্রযোজক।’অন্য পরিচয়েমডেলিংয়ের ঝলমলে দুনিয়ায় পা রাখার ইচ্ছা খুব একটা ছিল না। সবকিছু কেমন যেন হুট করে হয়ে গেছে। অনেকটা বন্ধুর চাপাচাপিতে অংশ নিয়েছিলেন উঠতি মডেলদের একটা প্রতিযোগিতায়। ২৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে হয়ে যান সেরা মডেল। এর পর, যেমনটা লেখা হয়, ইতিহাস! হেইডি ক্লুম এখনো এই ৩৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মডেলদের তালিকায় থাকেন সেরা পাঁচে।জার্মান এ মডেল পরে নিজের কাজের ক্ষেত্র আরও বাড়িয়েছেন। অভিনেত্রী হয়েছেন, উপস্থাপক, প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ফ্যাশন ডিজাইনার হিসেবেও অল্পবিস্তর নাম কামিয়েছেন। এমনকি টুকটাক গাইতেও দেখা যায় তাঁকে। ব্যবসায়ী হিসেবেও পরিচিতি আছে তাঁর। তবে এত কাজ দুটো হাতে যিনি সুন্দরভাবে সামলে গেছেন, পার হয়ে গেছেন একের পর এক শক্ত চ্যালেঞ্জ; সেই ক্লুম বলছেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ যদি তাঁকে বেছে নিতে বলা হয়, তিনি বলবেন, সংসার চালানো!আরও স্পষ্ট করে বললে তাঁর চারটি সন্তানদের সামলানো। ‘চারটি সন্তান সামলানো মানে বিরাট এক দায়িত্ব। এদের চারজনের আবার পছন্দ-অপছন্দ একেবারেই আলাদা। চারজন পছন্দ করে চার রকমের কাজ করতে। একজন সন্তান হলে পুরো মনোযোগ তার ওপর দেওয়া যায়। কিন্তু চারজন হলে আপনাকে সব সময় সতর্ক থাকতে হয়, সবার ওপর নজর যেন সমান থাকে। একটু যদি কারও ওপর বেশি ভালোবাসা দেখিয়েছেন তো বিপদ। বাকিরা অমনি ঠোঁট উল্টে বসে থাকে। বুঝুন অবস্থাটা’—মিষ্টি হেসেই বলেছেন ক্লুম। বলা বাহুল্য, মায়ের ভূমিকাতেও তিনি সফল। বলেছেন, ‘কেউ তো আর মা হওয়ার প্রশিক্ষণ নিয়ে মা হয় না, চলতে চলতেই সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে।’ এও বলেছেন, জীবনে তাঁর এত এত পরিচয়; কিন্তু সব পরিচয় মুছে দিয়ে শুধু সফল মায়ের পরিচয় নিয়েও বেঁচে থাকতে রাজি আছেন তিনি।অভিনয়ে অরুচিঅ্যাঞ্জেলিনা জোলি বুড়িয়ে গেছেন—এমন অপবাদ দেওয়া মুশকিল। বয়স তাঁর ৩৬ চলছে। এ আর এমন কী বয়স! চল্লিশে চালসে এই ধারণা হলিউডে অচল। সেই চল্লিশে পা দেওয়ারও অনেক বাকি। কিন্তু তার পরও বলতে হচ্ছে জোলি বুড়িয়ে গেছেন। আর কেউ নয়, খোদ জোলি নিজেই বলছেন, নিজেকে বুড়ো বুড়োও নাকি লাগছে তাঁর!গত বছর মাত্র দুটো ছবি করেছেন—সল্ট আর দ্য ট্যুরিস্ট। এ বছর আট মাস পেরোতে চলল, এখনো জোলি অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। এ বছর হয়তো তাঁর অভিনীত কোনো ছবি মুক্তিই পাবে না। তবে বছরের শেষ প্রান্তে মুক্তি পাবে বসনিয়া যুদ্ধের ওপর বানানো তাঁর পরিচালিত প্রথম ছবি ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি। রচনাও তাঁরই। এই ছবি নিয়ে কথা বলতে গিয়েই জোলি জানালেন, ইদানীং আর অভিনয়ে আগ্রহ পান না। ছয় বাচ্চার মা বললেন, ‘আগে যতটা ভালোবাসতাম, এখন আর অভিনয় করে সেই মজাটা পাই না। এর চেয়ে বরং মায়ের ভূমিকাটাই আমাকে তৃপ্তি দেয় বেশি। যখন বয়স কম ছিল, আত্মপরিচয়ের জন্য অভিনয় করেছি। কিন্তু এখন বয়স হচ্ছে। আমি জানি আমি কে। এখন আর চরিত্রগুলোর মধ্যে আগের মতো সেই মজা খুঁজে পাই না। এর চেয়ে বরং ক্যামেরার পেছনে কাজ করেই বেশি মজা পেলাম।’হলিউডের এই লাস্যময়ী অভিনেত্রীকে তাই খুব বেশি আর ক্যামেরার সামনে খুঁজে পাওয়া যাবে না।