হলিউডের ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটারের জয়শেষ পর্যন্ত সব অশুভ কালো শক্তিকে হারিয়ে জয় হবে হ্যারি পটারের। সিরিজের শেষটা যে এভাবেই হবে, তা ছবিটি না দেখলেও বলে দেওয়া যায়। তবে মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই কিন্তু অন্য একটা জায়গায় জয় হয়ে গেল হ্যারি পটার সিরিজের। সব মিলিয়ে আটটি সিরিজের এই ছবি আয়ের দিক দিয়ে পেরিয়ে গেল ৭০০ কোটি মার্কিন ডলারের সীমারেখা! এর মধ্যে এখন পর্যন্ত ২০০১ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম ছবি ফিলোসফারস স্টোন সর্বাধিক ৯৭ কোটি ৪৭ লাখ ডলার আয় করেছে। চেম্বার অব সিক্রেটস আয় করেছে ৮৭ কোটি ৮৯ লাখ, প্রিজনার অব আজকাবান ৭৯ কোটি ৬৬ লাখ, গোবলেট অব ফায়ার ৮৯ কোটি ৬৯ লাখ, অর্ডার অব ফিনিক্স ৯৩ কোটি ৯৮ লাখ, হাফ ব্লাড প্রিন্স ৯৩ কোটি ৪৪ লাখ ও ডেথলি হ্যালোজ-এর প্রথম পর্ব আয় করেছে ৯৫ কোটি ৫৪ লাখ ডলার। সব রেকর্ডই যে ডেথলি হ্যালোজ-এর দ্বিতীয় পর্ব ভেঙে গুঁড়িয়ে দিতে চলেছে, সেই পূর্বাভাস এরই মধ্যে পাওয়া যাচ্ছে। হ্যারি পটার সিরিজের এই শেষ ছবিটি কেবল প্রথম সপ্তাহেই তুলে নিয়েছে ৬৪ কোটি মার্কিন ডলার!ধর্মপুত্তুরশিয়া ল্যাবাফ যেন হলিউডের ধর্মপুত্র যুধিষ্ঠির। ‘যাহা বলিব সত্য বলিব, সত্য বৈ মিথ্যা বলিব না’—আগুনের ওপর হাত রেখে এমন প্রতিজ্ঞাই যেন কেউ করিয়ে নিয়েছেন ট্রান্সফরমারস তারকাকে দিয়ে। আর দশজন তারকা নিজেদের জীবনের যে গল্পগুলো লুকিয়ে রাখেন, সেখানে ল্যাবাফ সজ্ঞানে-স্বেচ্ছায় সেসব নিজে থেকে ফাঁস করে দেন!পরিচালক বড্ড যৌনাবেদনময়ী হিসেবে উপস্থাপন করে, সেটা পছন্দ নয় বলেই ট্রান্সফরমারস সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন মেগান ফক্স—এ তথ্য ল্যাবাফই প্রথম জানিয়েছেন। তিনি নিজে, এমনকি পরিচালক মাইকেল বেও যে সিরিজের চতুর্থ ছবিতে থাকছেন না, এটাও ফাঁস করে দিয়েছেন ল্যাবাফই। এবার এই অভিনেতা ফাঁস করলেন নিজের জীবনেরই ব্যর্থ ও সংক্ষিপ্ত এক প্রেমের ইতিহাস।এর আগে চায়না ব্রেজনার, ক্যারে মুলিগানসহ আরও কয়েকজনের সঙ্গে প্রেমের লেনদেন করা ল্যাবাফ এরই মধ্যে নাকি হিলারি ডাফের সঙ্গেও প্রেমের নদীতে খানিকটা সাঁতরেছেন। কিন্তু খানিকটা কেন? কারণ, প্রথম অভিসারেই নাকি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ল্যাবাফ। অভিজ্ঞতাটা ঠিক কী ছিল, সেটা বলেননি। শুধু এটুকু বলেছেন, ‘খুব সম্ভবত এটা আমাদের দুজনেরই জীবনের সবচেয়ে জঘন্য অভিসার ছিল।’এদিকে তাঁর ট্রান্সফরমারস সিরিজের নতুন প্রেমিকা রোজি হান্টিংটন-হোয়াইটলি জানিয়েছেন, শুটিংয়ের পুরোটা সময় ল্যাবাফ নাকি তাঁর পেছনে আঠার মতো লেগে ছিলেন। রোজির জীবনে অন্য কেউ আছে জানার পরও নাকি তাঁকে মুগ্ধ করার চেষ্টা চালিয়ে গেছেন ল্যাবাফ। শেষে না প্রেমিকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে হলিউড-যুধিষ্ঠিরের বিরুদ্ধে।বন্ডগিরিপকেট থেকে বেরিয়ে এল ওয়ালথার পিপিকে পিস্তল। চকচক করছে, চিতাবাঘের চোখের মতো। চোখের পলকে টেনে দিলেন ট্রিগার। ঠাস একটা শব্দ করে ক্ষিপ্র গতিতে ছুটে গেল অদৃশ্য বুলেট। গিয়ে লাগল নির্ভুল নিশানায়। ওয়ালথারটায় একটা ফুঁ দিয়ে তৃপ্তির হাসি হেসে তিনি দিলেন সেই বিখ্যাত সংলাপ: দ্য নেম ইজ...ক্রেগ, ড্যানিয়েল ক্রেগ।‘জেমস বন্ড’ তারকা বেশ মুডে আছেন। সদ্য বিয়ে করেছেন। হানিমুনের রেশটা এখনো কাটেনি। মাত্রই মুক্তি পেল তাঁর সাই-ফাই ও ওয়েস্টার্নের মিশেলে বানানো ছবি কাউবয়েজ অ্যান্ড অ্যালিয়েন্স। ব্যস্ত শিডিউল থেকে খানিকটা ছুটি নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন। এরই মধ্যে গিয়েছিলেন বন্ধু অ্যান্থনি কুমিয়ার নিউইয়র্কের লং আইল্যান্ডের খামারবাড়িতে। সেখানেই হাতে তুলে নিয়েছেন জেমস বন্ডের সেই বিখ্যাত ওয়ালথার পিস্তল। তাঁর নিজের পিস্তল অবশ্য নয়। বন্ধু কুমিয়ার। দুই দোস্ত মিলে মেতে উঠেছিলেন শুটিং প্রতিযোগিতায়।বন্ধুর নিশানা যে ভালো, কুমিয়া জানতেন। তার পরও সেদিন তাঁকে চমকে দিয়েছেন ক্রেগ। ওয়ালথার আর স্নাইপার দিয়ে একের পর এক নির্ভুল নিশানায় গুলি লাগিয়েছেন। সেই মুগ্ধতার কথাই কুমিয়া বলেছেন, ‘ড্যানিয়েল আসলেই শুটিংয়ে দুর্দান্ত। সেদিন ওর নির্ভুলতার হার ছিল ৯৫ শতাংশ। আমরা সারাটা দিন খামারবাড়িতেই কাটিয়েছি। আমি সেদিন আমার সব অস্ত্রই নিয়ে গিয়েছিলাম। পিপিকেটাও নিতে ভুলিনি। আর সেটা দিয়ে ও যখন গুলি করল, ঠিক যেন জেমস বন্ডের কথাই মনে পড়ে যাচ্ছিল।’শুধু পর্দার স্ট্যান্টবাজি নয়, বাস্তবের পৃথিবীতেও ক্রেগের মধ্যে বন্ডগিরি যথেষ্ট আছে বৈকি!