হলিউডের বনেদি ক্লাব
হলিউডের বনেদি ক্লাব কোনটি, জানেন তো? বিলিয়নের অঙ্ক ছুঁতে পেরেছে এমন ছবিগুলোই এই ক্লাবের গর্বিত সদস্য। সংবাদ সংস্থা টিএনএন জানিয়েছে, এদের মধ্যে সবার ওপরের আসন দুটি দখল করে আছে জেমস ক্যামেরনের দুটি ছবি—অ্যাভাটার (২০০৯) ও টাইটানিক (১৯৯৭)। এর প্রথমটির আয় ছিল ২৭৪ কোটি ৪০ লাখ ৫ হাজার ৭২১ ডলার। টাইটানিক ঘরে তুলেছিল ১৮৪ কোটি ৩২ লাখ ডলার। এর পরেই আছে দ্য লর্ড অব দ্য রিঙ্গস: দ্য রিটার্ন অব দ্য কিং (২০০৩) ছবিটি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট (২০০৬) ছবিটিও আছে এই বনেদি ক্লাবে। অ্যানিমেশন ছবির মধ্যে একমাত্র বিলিয়নিয়ার হলো টয় স্টোরি-৩ (২০১০) ছবিটি। এরপর কদিন আগে মুক্তি পাওয়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের নতুন ছবি অন স্ট্রেঞ্জার টাইডস। ২০১০ সালে মুক্তি পাওয়া অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড আছে তার পরের অবস্থানে। এরপর দ্য ডার্ক নাইট (২০০৮)। সবার শেষে এই বনেদি ক্লাবে ঢুকেছে হ্যারি পটারের শেষ কিস্তি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পর্ব-২। ওয়েবসাইট।