হলিউডের বিরুদ্ধে মামলা করবে ইরান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী ‘আরগো’ চলচ্চিত্রে ইরানকে কাল্পনিক ও অবাস্তব হিসেবে তুলে ধরায় হলিউডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ইরান। ইরানকে ভুলভাবে উপস্থাপনের প্রতিবাদে প্রচারণার পাশাপাশি আন্তর্জাতিক সাংস্কৃতিক নীতিমালা না মানায় হলিউডের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে দেশটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বেন অ্যাফ্লেক পরিচালিত ‘আরগো’ চলচ্চিত্রটি আশির দশকের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি। ঘটনাস্থল ইরানের তেহরান। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের সময় তেহরানে মার্কিন দূতাবাসে অস্ত্রধারী বিপ্লবীরা আক্রমণ করেছিল। ৫২ জন মার্কিন নাগরিক ৪৪৪ দিনের দুর্বিষহ বন্দিদশায় জীবন কাটান। জিম্মি করা হয় তাঁদের। কিন্তু দূতাবাসের ছয় কূটনীতিক বুদ্ধি করে দূতাবাস থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন কানাডীয় রাষ্ট্রদূতের বাসায়। এই ছয় কূটনীতিককে উদ্ধার করার জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ) বিশেষ এক মিশন হাতে নেয়, যে মিশনের দায়িত্ব দেওয়া হয় টনি মেন্ডেজ নামের দুর্ধর্ষ এক এজেন্টকে। ঠিক করা হয়, এই ছয় কূটনীতিককে বানিয়ে ফেলা হবে চলচ্চিত্রকর্মী, যাঁরা স্টার ওয়ার্স ধরনের একটি বৈজ্ঞানিক কল্পকাহিনি বানানোর জন্য লোকেশন খুঁজতে এসেছিলেন ইরানে। ছয়জনকে বানিয়ে দেওয়া হয় কানাডার নাগরিক। তৈরি করা হয় জাল ভিসা আর পাসপোর্ট।গল্পটা বিশ্বাসযোগ্য করে তুলতে ছবির একটা নামও দেওয়া হয়েছিল—‘আরগো’। ছাপানো হয় পোস্টার। খুবই ঝুঁকিপূর্ণ ছিল এই পরিকল্পনা। ‘এটাই সিআইএর সবচেয়ে সেরা বাজে পরিকল্পনা।’ কিন্তু রুদ্ধশ্বাস সেই নাটকীয় আয়োজনের মাধ্যমে মুক্তি পান রবার্ট অ্যান্ডার্স ও তাঁর পাঁচজন সঙ্গী।সিআইএর এই মিশন দীর্ঘদিন গোপন ছিল। ১৯৯৭ সালে ক্লিনটন প্রশাসন এর দলিল প্রথম অবমুক্ত করে। ‘হাউ দ্য সিআইএ ইউজড অ্যা ফেক সাই-ফাই ফ্লিক টু রেসকিউ আমেরিকানস ফ্রম তেহরান’ শিরোনামের সে প্রবন্ধ অবলম্বনেই লেখা হয় চিত্রনাট্যটি। ছবিটি যদিও সত্য কাহিনি অবলম্বনে, কিন্তু নাটকীয়তার স্বার্থে ছবির চিত্রনাট্যে মিশিয়ে দেওয়া হয়েছে কল্পনা।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘আরগো’ জিতে নিয়েছে অস্কার। কিন্তু ইরানের যুক্তি হচ্ছে, ‘আরগো’ চলচ্চিত্রের মাধ্যমে সিআইএ ইরানবিরোধী প্রচারণা চালিয়েছে। ইরানের একজন আইনজীবীর ভাষ্য, এটা সিআইএর অপপ্রচার। গত সোমবার ইরানের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তারা এই চলচ্চিত্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেন। ‘আরগো’ সম্পূর্ণ মিথ্যা দাবি করে আইনজীবী বলেন, ‘আমরা প্রমাণ করব, সস্পূর্ণ মিথ্যা কাহিনি জানানো হয়েছে “আরগো”তে। হলিউডকে ক্ষমা চাইতে হবে এর জন্য।’