হলিউডের ব্লক ব্লাস্টার ছবি স্টার সিনেপ্লেক্সে
পবিত্র ঈদুল ফিতরে স্টার সিনেপ্লেক্স নিয়ে আসছে হলিউডের দুটি ব্লক ব্লাস্টার ছবি ‘থর’ ও ‘ফাস্ট ফাইভ’। ছবি দুটি এ বছর বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের দিন থেকে এ দুটি ছবি দেখতে পাবেন ঢাকার চলচ্চিত্রপ্রেমীরা।হলিউডের এ দুটি ছবি আমদানি উপলক্ষে গতকাল শনিবার স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্টার সিনেপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই শো উপভোগ করেন। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, ছবি দুটি এবারের ঈদ বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে। ভবিষ্যতে দর্শক চাহিদার কথা বিবেচনা করে হলিউডের এমন আরও ছবি আমদানির আশাবাদ ব্যক্ত করে তারা।থর ও ফাস্ট ফাইভ আন্তর্জাতিক বাজারে এ পর্যন্ত যথাক্রমে ৪৫০ ও ৬০৫ মিলিয়ন ডলার আয় করে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। মার্বেল কমিকসের কমিক চরিত্র অবলম্বনে ‘থর’ ছবিটি তৈরি করেন পরিচালক কেনেথ ব্র্যানাগ। এতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, নাটালি পোর্টম্যান, টম হাইডলস্টন, অ্যান্থনি হপকিন্স প্রমুখ।ফাস্ট ফাইভ ছবিটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের পঞ্চম ছবি। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফাইভ নামেও পরিচিত এটি। অ্যাকশননির্ভর এই ছবিটির পরিচালক জাস্টিন লিন। অভিনয় করেছেন ভিন ডিসেল, পল ওয়াকার, জর্ডানা ব্রিউস্টার, ডোয়াইন জনসন প্রমুখ।