হলিউডের সেরা ১০ রোমান্টিক ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাগুন হাওয়ায় হাওয়ায় প্রেমের রেণু। আজ পয়লা বসন্ত। কাল ভালোবাসা দিবস। ভালোবাসার সাম্পানে ভাসার এই সুসময়ে আসুন জেনে নিই হলিউডের সেরা ১০ রোমান্টিক ছবির কথা

হলিউডের সেরা ১০ রোমান্টিক ছবি
হলিউডের সেরা ১০ রোমান্টিক ছবি

কাসাব্ল্যাঙ্কা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানদের আক্রমণ থেকে বাঁচতে ইউরোপীয়দের অনেক শরণার্থীই আশ্রয় খুঁজছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে যেতে হলে প্রথমে যেতে হবে কাসাব্ল্যাঙ্কায়, সেখানে মিলতে পারে এক্সিট ভিসা, যা মোটেও সহজলভ্য নয়। কাসাব্ল্যাঙ্কায় জনপ্রিয় ক্যাফে চালায় যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত রিক ব্লেইন। ঘটনাক্রমে ট্রানজিটের দুটো কাগজ পায় ব্লেইন। এই শহরেই সে আবিষ্কার করে সাবেক প্রেমিকা ইলসাকে। ইলসার স্বামী লাজলো চেকোস্লোভাকিয়ার বিদ্রোহী নেতা, জার্মানরা যাকে হন্যে হয়ে খুঁজছে। ইলসা জানে, কেবল ব্লেইনই সাহায্য করতে পারবে তাদের। কিন্তু ঈর্ষাকাতর ব্লেইন কি সাহায্য করবে? পরিচালনা করেছেন মাইকেল কার্টিজ। ছবিটি মুক্তি পায় ১৯৪২ সালে।

গন উইথ দ্য উইন্ড
১৯৩৯ সালের ছবি। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় স্কারলেট ও’হারা ও রেথ বাটলারের প্রেম নিয়ে ছবির গল্প। গল্পটা এক স্বার্থপর নারীর, যে নিজের ভালোবাসার কথা ভালোবাসার মানুষটিকে জানাতে চায় না। শেষ পর্যন্ত সেই মানুষটিকে সে হারিয়েই ফেলে। স্কারলেট জানত না, যে সময় সে অ্যাশলির কাছে তাঁকে গ্রহণ করার অনুরোধ করছিল, একই সময় সেই ঘরে ছিল রেথ। পরিচালনা করেছেন ভিক্টর ফ্লেমিং।

ওয়েস্ট সাইড স্টোরি
শেক্সপিয়ারের অমর সৃষ্টি রোমিও অ্যান্ড জুলিয়েট-অনুপ্রাণিত এই ছবির গল্প। নিউইয়র্ক শহরে রাস্তার দুই মাস্তান দলের মধ্যে চরম বিরোধ। জেটস বনাম শার্কস একে অপরের ছায়াও সহ্য করতে নারাজ। কিন্তু দুই চরম শত্রু গোষ্ঠীর দুই তরুণ-তরুণীর মধ্যে অলৌকিক প্রেম বাসা বাঁধে। জেটস দলের নেতা টনি প্রেমে পড়ে শার্কস দলনেতা বার্নার্ডোর বোন মারিয়ার। কী ভবিষ্যৎ এই প্রেমের? মিউজিক্যাল ধাঁচের এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬১ সালে। ছবির পরিচালক রবার্ট ওয়াইজ ও জেরম রবিনস।

রোমান হলিডে
রাজকুমারী অ্যান বেরিয়েছেন ইউরোপ ভ্রমণে। কিন্তু ছুটিতেও শান্তি নেই। সব সময় নিরাপত্তারক্ষীদের বর্মের আড়ালে থাকলে কি আর ছুটি কাটানো যায়? এক রাতে হোটেল ছেড়ে পালিয়ে গেল অ্যান। তার সঙ্গে দেখা হলো রোমে অ্যাসাইনমেন্ট নিয়ে আসা মার্কিন সাংবাদিক জোয়ের। অ্যান তখন ঘুমিয়ে ছিল বেঞ্চিতে। জো নিজের ঘরে নিয়ে এল অ্যানকে। দুজনের মনের কোণে উঁকি দিল প্রেমসূর্য। কিন্তু জো আবিষ্কার করল, অ্যান আর কেউ নয়, মহামান্য রাজকন্যা! ১৯৫৩ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম ওয়াইলার।

অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার
নিকি হচ্ছে ‘প্লেবয়’, প্রেম তার কাছে ছেলেখেলাই। ইউরোপ থেকে নিউইয়র্কের জাহাজে করে যাওয়ার সময় নিকের সঙ্গে পরিচয় টেরির। দুজনের মধ্যে হয়ে গেল প্রেম। কথা ছিল ছয় মাস পর এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছাদে আবার দেখা হবে দুজনার। কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার হয়ে টেরি যেতে পারল না নির্দিষ্ট দিনে। অপেক্ষা করে ভাঙা মন নিয়ে ফিরে এল নিকি। ভাবল, হয়তো টেরি সত্যিই তাকে ভালোবাসেনি। হয়তো সে বিয়েথাও করে ফেলেছে। আর কখনোই কি দেখা হবে না নিকি-টেরির? পরিচালনা করেছেন লিও ম্যাকক্যারি। ১৯৫৭ সালে মুক্তি পায় ছবিটি।

দ্য ওয়ে উই ওয়্যার
কেটি আর হাবেল পড়ত একই কলেজে। কিন্তু দুজনের জীবনদর্শন একেবারে আলাদা। কেটি মনেপ্রাণে সাম্যবাদী। স্পেনের গৃহযুদ্ধ কিংবা ইউরোপে হিটলারের উন্মেষ কোনোটাই সে ভালো চোখে দেখে না। কঠোর পরিশ্রম করে তাকে খরচা মেটাতে হয় পড়াশোনার। কিন্তু হাবেল খেলাধুলা নিয়ে মেতে থাকে, রাজনীতির ধার ধারে না। দুই ভিন্ন জগতের দুই বাসিন্দার দেখা হয় বহু বছর পর। পরিচালক সিডনি পোলাক। ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালে।

ইটস আ ওয়ান্ডারফুল লাইফ
পরিবার আর সমাজের চাপিয়ে দেওয়া নানা দায়ভারে ক্লান্ত হয়ে পড়ে জর্জ বেইলি। এই জীবন কি সে চেয়েছিল? তার তারুণ্য, তার স্বপ্ন, সম্ভাবনা সব ধীরে ধীরে উবে যাচ্ছে। জর্জ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এমন সময় তাকে বাঁচাতে স্বর্গ থেকে নেমে আসে এক দেবদূত। ১৯৪৬-এ মুক্তি পাওয়া এ ছবির পরিচালক ফ্রাঙ্ক কাপরা।

ডক্টর ঝিভাগো  ১৯৬৫
ডক্টর ঝিভাগো ১৯৬৫

ডক্টর ঝিভাগো
কাহিনির প্রেক্ষাপট রুশ বিপ্লবের আগে ও পরের রাশিয়া। ছবিটি নির্মিত হয় ১৯৬৫ সালে। সার্জন-কবি ইউরি ঝিভাগোর জীবন নিয়ে গল্প। ঝিভাগো ধনাঢ্য পরিবারের এক তরুণীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ। কিন্তু তার কবিসত্তা প্রেমে পড়েছে অন্য এক নারীর, যে নারী তাকে অনুপ্রাণিত করে কাব্যচর্চায়। সেই দুর্ভাগা নারীও অন্যের স্ত্রী। স্ত্রীর প্রতি দায়িত্ববোধ ও সততা বনাম প্রেম—কোন দিকে যাবে ঝিভাগো? ডেভিড লিন পরিচালিত ছবিটি মহাকাব্যিক এক সৃষ্টি।

লাভ স্টোরি
হার্ভার্ডের আইনের ছাত্র অলিভার এবং সংগীতের ছাত্রী জেনিফার। ভিন্ন দুই জগৎ থেকে উঠে এলেও প্রেমের ছাতার নিচে আশ্রয় নেয় দুজনে। কিন্তু বিয়ের পর নেমে আসে দুর্যোগ। অলিভারের ধনাঢ্য বাবা রেগে গিয়ে তাকে ত্যাজ্য করে। প্রতিকূল স্রোত সহ্য করেও ভালোবাসার সাম্পান ভাসিয়ে রাখে দুজন। তাদের দৃঢ় বিশ্বাস, ভালোবাসা পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু নিয়তির পরিকল্পনা অন্য রকম। পরিচালক আর্থার হিলার। ছবিটি মুক্তি পায় ১৯৭০ সালে।

সিটি লাইটস
পথের ধারে ফুল বেচে অন্ধ এক মেয়ে। তার ফুল কিনতে গিয়ে এক ভবঘুরে আবিষ্কার করে, মেয়েটি নিজেই সদ্য ফোটা নিষ্পাপ এক ফুল যেন। মেয়েটার প্রেমে পড়ে যায় সেই হতদরিদ্র ভবঘুরে। মেয়েটি ভাবে, ছেলেটা বুঝি অনেক ধনী পরিবারের কেউ। ভবঘুরেটি চায়, মেয়েটি ফিরে পাক দৃষ্টি। কিন্তু এর জন্য চাই অনেক টাকা। সেই টাকা জোগাড়ের চেষ্টায় নামে ভবঘুরেটি। এমনকি এর জন্য জেলেও যেতে হয়। মেয়েটি চোখের দৃষ্টি ফিরে পায়। কিন্তু আবিষ্কার করে, তাঁর স্বপ্নের রাজপুত্র আসলে হতদরিদ্র একজন। চার্লি চ্যাপলিনের সেরা সৃষ্টিগুলোর একটি। ১৯৩১ সালে মুক্তি পাওয়া এ ছবিটি নির্বাক, কিন্তু বাঙময়!
 রাজীব হাসান
সূত্র: আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করা তালিকা