হলিউডের সোনিয়া লোপেস ঢাকায়
হলিউডের অভিনেত্রী, মডেল ও স্ক্রিন অ্যাক্টরস স্টুডিওর পরিচালক সোনিয়া লোপেস এখন ঢাকায়। ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমির (আইএফএ) আমন্ত্রণে গত সোমবার তিনি ঢাকায় এসেছেন। এখানে তিনি চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের ওপর আন্তর্জাতিক মানের কর্মশালায় প্রশিক্ষণ দেবেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন হলিউডের পরিচালক ও প্রযোজক রোবেন এডগারডো, সোনিয়া লোপেস, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়। আগামী ১৭ ডিসেম্বর থেকে ‘ওয়ার্কশপ অন স্ক্রিন অ্যাক্টিং’ শিরোনামে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মশালা পরিচালনা করছেন সোনিয়া লোপেস। তিনি বললেন, ‘আন্তর্জাতিক মানের চলচ্চিত্র কিংবা টিভি মাধ্যমে কাজ করার জন্য এই কোর্সটি খুবই দরকার।’এই কোর্সে আগ্রহীদের ধানমন্ডির ৭ নম্বর সড়কের রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে যোগাযোগ করতে হবে। ফোন: ০১৭৩১৬৮৩৬৭৭, ০১৫৫২৫৭৫০২০।