হাউজফুলে সরাসরি জায়েদ-ববি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জায়েদ-ববি
জায়েদ-ববি

গতবার এ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন চলচ্চিত্রের জুটি ইমন-মাহি। কিন্তু এবারে এই দীর্ঘ সময়ের অনুষ্ঠানের তারকা জুটি হিসেবে কে কে থাকছেন? এবারেও অতি​থি হিসেবে থাকছেন ঢাকাই ছবির আরেক জুটি জায়েদ খান ও ববি। জানিয়েছেন ‘হাউজফুল’ অনুষ্ঠানটির প্রযোজক।
টানা চার ঘণ্টার অনুষ্ঠান! তাও আবার সরাসরি সম্প্রচার। একজন উপস্থাপকের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন দুজন তারকা। ‘হাউজফুল’। সরাসরি এই দীর্ঘ অনুষ্ঠানে কী থাকছে?
অনুষ্ঠানটির প্রযোজক নাহিদ আহমেদ বিপ্লব জানিয়েছেন, হাউজফুলের অতিথি তারকা জুটির মুক্তিপ্রাপ্ত ছবির গান, তাঁদের অভিনীত ছবির বাইরেও পছন্দের ছবির গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। তিনি বলেন, ‘আর এর পাশাপাশি ফোনে দেশ-বিদেশের ভক্তদের সঙ্গে তারকাদের সরাসরি কথা বলা সহ অতিথি তারকাদের জীবনের নানান মজার মজার অভিজ্ঞতার গল্পও উঠে আসবে ‘হাউজফুল’ নামের এ অনুষ্ঠানে।’
এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাওয়াতে রোমাঞ্চিত জায়েদ খান বলেন, ‘ঈদের সময় এত লম্বা সময় ধরে দেশ-বিদেশের বাঙালি দর্শকের সঙ্গে সরাসরি কথা বলা, দর্শকের কাছাকাছি চলে যাওয়া খুবই আনন্দের। এটা আমার জন্য বড় পাওয়া।’
একই রকমের অনুভূতির কথা জানিয়ে অভিনেত্রী ববি বলেছেন, ‘আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতাই হবে।’ তিনি বলেন, ‘ভক্ত, দর্শকের ভালোবাসা পেয়েই কিন্তু আমরা তারকা হয়েছি। তাঁরা আমাদের সঙ্গে আছে বলেই আমরা এখনো চলচ্চিত্রে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানটির মাধ্যমে সেই ভক্ত, দর্শকের সঙ্গে ফোনে সরাসরি ঈদের আনন্দ ভাগাভাগি হবে।’
এবারের ‘হাউজফুল’ অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন নিরব খান। অনুষ্ঠান প্রযোজক নাহিদ এও জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে ঈদের সময় এ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হয়ে আসছে। প্রতিবারের মতো এবারেও ঈদের ৬ষ্ঠদিন দুপুর থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হবে।