হাওরবাসীর পাশে চিত্রশিল্পীরা
বন্যার্ত হাওরবাসীর সহায়তায় তহবিল সংগ্রহ শুরু করেছেন চিত্রশিল্পীরা। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে এক কর্মশালায় ছবি এঁকেছেন শিল্পী, চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা। সেসব ছবি বিক্রির অর্থ হাওরবাসীর সহায়তায় দেওয়া হবে। এ উদ্যোগ নিয়েছে চিত্রশিল্পীদের সংগঠন ‘ঢেউ’।
সেদিন দুপুরে ‘হাওরপাড়ে বিপন্ন মানুষ: ছবি কিনুন পাশে দাঁড়ান’ আয়োজনটির উদ্বোধন করেন চিত্রশিল্পী আবুল বারক আলভী। উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেনসহ চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা। বাইরে থেকে ছবি এনে বন্যার্তদের সহায়তায় জমা দেওয়া যাবে। এখান থেকে বড় শিল্পীদের ছবি তুলনামূলক কম মূল্যে কেনা যাবে। সাধারণ শিল্পীদের ছবি বিক্রি হবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। ৬ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবি আঁকবেন শিল্পীরা।