হাওরের লিলুয়া বাতাসে সুরের মায়াবী ঢেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানধল গ্রাম-লাগোয়া সুবিশাল মাঠ। পাশে বিস্তীর্ণ হাওর। যতদূর চোখ যায় সবুজ ফসলের খেত। বিকেলের লিলুয়া বাতাসে বোরো ধানের সদ্য গজানো শিস দুলছে। ধীরে ধীরে হাওরের বুকে সন্ধ্যা নেমে আসে। ফাল্গুনী শেষ বেলার আকাশে বিষাদমাখা মায়াবী আঁধার। ক্রমশ সে আঁধারের আস্তরণ গাঢ় হতে থাকে। মাঠের পশ্চিম দিকের মঞ্চে গলা ছেড়ে বাউলেরা গাইছেন একের পর এক গান। গতকাল শুক্রবার এখানে শুরু হয়েছে শাহ আবদুল করিমের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী লোকজ উৎসব। পাঁচ শতাধিক বিভিন্ন আঙ্গিকের লোকসংগীত ও গণসংগীতের স্রষ্টা শাহ আবদুল করিমেরই একটি গানের চরণ নিয়ে উৎসবের স্লোগান করা হয়েছে ‘কেমনে ভুলিব আমি’। একুশে পদক পাওয়া এই লোকসংগীতজ্ঞ ২০০৯ সালে ইন্তেকাল করেন। তাঁর নামাঙ্কিত এই লোকজ উৎসব এবার আয়োজন করা হচ্ছে ষষ্ঠবারের মতো। উৎসবের পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন কোম্পানি বাংলালিংক।হাওরের আশপাশের গ্রামগুলোতে বাউলের একতারা, দোতারা, খঞ্জনি, করতাল আর ঢোলের মনোমুগ্ধকর সুর ছড়িয়ে পড়ছে। সুরের টানে ছুটে আসছেন নারী-পুরুষ সবাই। বেলা চারটায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পায়রা উড়িয়ে লোকজ উৎসবের উদ্বোধন করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। পরে বাউলসম্রাটের ভাবশিষ্যরা ‘আমি বাংলা মায়ের ছেলে’ গানটি পরিবেশন করেন। এরপর আলোচনা পর্ব । প্রধান অতিথি ছিলেন গীতিকবি শেখ ওয়াহিদুর রহমান। বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূরজালালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাউল কফিলউদ্দিন সরকার, মোস্তাক আহমাদ, মোশারফ হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন দোলন চৌধুরী ও নজরুল ইসলাম।উদ্বোধনী আনুষ্ঠানের পর শাহ আবদুল করিমের শিষ্য-প্রশিষ্যরা তাঁর গানে গানে মেতে ওঠেন। সন্ধ্যার পরপর প্রদর্শিত হয় নিরঞ্জন দে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র কেমনে চিনিব তোমারে । এরপর বাউলদের পরিবেশনায় চলে বিরতিহীন গানের আসর। গান শোনালেন বাউল আবদুর রহমান, ফকির শাহাবউদ্দিন, মুজিব সরকার, সাজু বাপ্পী, শাহ আবদুল তোয়াহেদ, রণেশ ঠাকুর, বশিরউদ্দিন সরকার, কাইয়ুম শাহ, শাহীনূর সরকার, সহ শতাধিক বাউল ফকির। গানগুলোর মধ্যে ছিল ‘রাখ কিবা মার’, ‘মানুষ যদি হইতে চাও’, ‘আমি তোমার কলের গাড়ি’, ‘বসন্ত বাতাসে’, ‘আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘ওরে মেলা দিতে জ্বালা’, ‘গান গাই আমার মন রে বোঝাই’, ‘আসি বলে গেল বন্ধু’,সহ বাউলসম্রাটের প্রচলিত ও অপ্রচলিত গানগুলো। আজ শনিবার দ্বিতীয় দিনেও থাকবে আলোচনা ও বিকেল থেকে সারা রাত সংগীতানুষ্ঠান।