হাওয়া থেকে পাওয়া
নায়ক–নায়িকার গোপন বিয়ে
চলচ্চিত্রের একসময়ের আলোচিত নায়িকা ও এক চিত্রনায়ক নাকি গোপনে বিয়ে সেরেছেন। ‘প’ আদ্যাক্ষরের সেই নায়িকা ও ‘জ’ আদ্যাক্ষরের সেই নায়ককে একসঙ্গে দেখা গেছে তাঁদের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে। দুজনের একান্ত কিছু ছবিও ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। এর আগে এই দুজনের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। পরে সেটা বিয়েতে গড়ায়। তবে দুই নায়ক–নায়িকাকে প্রশ্ন করলে, তাঁরা বরাবরই এড়িয়ে যান বিয়ের কথা। বর্তমানে এই জুটিকে ঘিরে চলচ্চিত্রপাড়ায় নতুন গুঞ্জন যে তাঁদের ভেতর নাকি মনোমালিন্য শুরু হয়েছে, আরেক চিত্রনায়িকার সঙ্গে ‘জ’–এর অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে।

ডেমি লোভাটোর সুস্থতার ছয় মাস!
টানা ছয় মাস অ্যালকোহলে হাত লাগাননি সংগীতশিল্পী ডেমি লোভাটো। এবার তাই এই অর্জনের ছয় মাস উপলক্ষে ডেমিকে চমকে দিয়েছে তাঁর দল। উদ্যাপন করেছে দিনটি। সেটা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেছেন এই তারকা। উল্লেখ্য, গত জুলাইয়ে অতিরিক্ত মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ডেমি। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নিজ বাসভবন থেকে। এরপর দীর্ঘ সময় তাঁর চিকিৎসা চলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। বর্তমানে এই গায়িকা প্রেমিক হেনরি লেভির সঙ্গে আছেন। ভালো সময় কাটাচ্ছেন একে অপরের সঙ্গে। গুঞ্জন শোনা যাচ্ছে, হেনরিই নাকি ডেমিকে মাদক থেকে দূরে রাখার পেছনে রাতদিন উৎসাহ জোগাচ্ছেন। পারবেন তো ডেমি নিজেকে মানিয়ে নিতে এভাবেই? দেখাই যাক না!

কুকুরের খাবার বেচেছেন জোলি!
শুনে চোখ কপালে উঠল? ঠিক একই অবস্থা হয়েছিল অভিনেত্রী সারাহ রামোসের। কিছুদিন আগে পার্কে হাঁটতে গিয়ে সারাহ দেখেন একজন মা তাঁর সন্তানদের নিয়ে কুকুরের খাবার বেচছেন। অর্গানিক খাবার হওয়ায় সেটা কেনেন সারা। কে ছিলেন সেই মা? কাছে যেতেই সারাহ দেখেন তিনি আর কেউ নন, হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অবশ্য শুধু তা–ই নয়, কিছুদিন আগে সন্তানদের নিয়ে রক ক্লাইম্বিংয়েও গিয়েছিলেন তিনি। এরপর জোলিকে কোথায় দেখা যেতে পারে? ভাবার মতো বিষয়!

সানির নামে জালিয়াতির অভিযোগ
সম্প্রতি প্রযোজক ভারত পাটেলের কাছ থেকে পাটেল কি পাঞ্জাবি শাদি চলচ্চিত্রের জন্য ৫ লাখ রুপি নিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন। তবে দক্ষিণের চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে এবার যেন একটু ঝামেলাতেই পড়ে গিয়েছেন তিনি। ভারত পাটেলের মতে, চলচ্চিত্রে একটি আইটেম গানে সানির অংশ নেওয়ার কথা থাকলেও পরে এই অভিনেত্রী আর কোনো যোগাযোগ করেননি চলচ্চিত্রের কলাকুশলীদের সঙ্গে। শুধু তাই নয়, মোট ৪০ লাখ রুপির মধ্যে চুক্তির সময় নেওয়া ৫ লাখ রুপিও ফেরত দেননি সানি। এমনকি পাটেলের আইনি নোটিশেরও কোনো জবাব এখনো দেননি তিনি। সানির এক সূত্র অবশ্য জানিয়েছে, সানি সময় রেখেছিলেন গানের জন্য। তবে তারিখ বারবার পেছানোর ফলে অন্য প্রকল্পে কাজ শুরু করে দেন এই অভিনেত্রী। সানি না পাটেল, কে সত্যি কথা বলছেন এখানে?
সাদিয়া ইসলাম
বলিউড বাবল, লেইনি গসিপ ও টিএমজি অবলম্বনে