হাওয়া থেকে পাওয়া

‘সুপারম্যান’ যখন গোয়েন্দা!
হেনরি কেভিল ‘সুপারম্যান’ চরিত্রে বেশি জনপ্রিয়। কিন্তু শোনা যাচ্ছে, এবার অতিমানবের পোশাক ছেড়ে গোয়েন্দা শার্লক হোমস হয়ে পর্দায় আসতে চলেছেন এই তারকা। এনোলা হোমস নামের নতুন এই চলচ্চিত্রে মূলত শার্লক ও মাইক্রোফট হোমসের ছোট বোনকে দেখানো হয়েছে। ভাইয়ের মতো এনোলার রক্তেও আছে গোয়েন্দাগিরি। উল্লেখ্য, চলচ্চিত্রটিতে এনোলা চরিত্রে অভিনয় করছেন স্ট্রেঞ্জার থিংস–এর ইলাভেন চরিত্রে অভিনয় করা মিলি ববি ব্রাউন। থাকছেন হেলেনা বোনহ্যাম কার্টার এবং হ্যারি ব্র্যাডবিরের মতো অভিনেতাও। সুপারম্যান চলচ্চিত্র থেকে বাদ পড়ার পর অবশ্য এটাই হেনরি কেভিলের প্রথম কাজ নয়। একই সঙ্গে দ্য উইচার এবং মিশন ইম্পসিবল-ফলআউট–এও কাজ করেছেন এই অভিনেতা।

মালভিকার প্রেমে ভিকি কৌশল
উরি, সঞ্জু, রাজি—পরপর এমন কয়েকটি হিট ছবি উপহার দিয়ে ভিকি কৌশল এখন হাওয়ায় উড়ছেন। লাখো নারীর এই স্বপ্নপুরুষ এত দিন ছোট পর্দার অভিনেত্রী ও নৃত্যশিল্পী হারলিন শেঠির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। তবে, এবার হারলিনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নতুন সব গুজব উঠছে ভিকিকে ঘিরে। প্রথমে শোনা যাচ্ছিল, ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমে মজেছেন এই তারকা। এবার জানা গেল ক্যাটরিনা নয়, বিহাইন্ড দ্য ক্লাউডস–খ্যাত অভিনেত্রী মালভিকা মোহানানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভিকি। উল্লেখ্য, ছোটবেলা থেকেই ভিকি, মালভিকা আর তাঁদের পরিবার একে অন্যকে চেনে। তাঁরা সব সময় ভালো বন্ধু। তবে, বিচ্ছেদের পর সেই বন্ধুত্ব এবার একটু অন্যদিকেই মোড় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হতাশার রোগী জেমস বন্ড
বন্ডকে মারদাঙ্গা আর নারীমোদী হিসেবে তো সবাই চেনেন। তবে বন্ড সিরিজের নতুন ছবিতে এবার মানসিকভাবে এক বিপর্যস্ত বন্ডকেও দেখা যাবে। ছবিতে স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাবে বন্ডকে। তিনি ভুগবেন হতাশায়। এই অবস্থা থেকে কীভাবে উঠে আসবেন তিনি? কিলিং ইভ–এর জনপ্রিয় চিত্রনাট্যকার ফোয়েব ওয়ালার-ব্রিজ এবার নিজের কারিশমা দেখাতে আসছেন আবারও। উল্লেখ্য, জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেইগ নয়, ‘বোহেমিয়ান র্যাপসডি’খ্যাত রামি মালেককেও এবারের বন্ড ছবিতে পেতে যাচ্ছেন সিনেমাপ্রেমীরা।
