হাওয়া থেকে পাওয়া

ঘরবন্দী ভূমি
চরিত্রে প্রবেশের জন্য একেকজন অভিনেতা একেকভাবে প্রস্তুতি নেন। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন শুটিং শুরু হওয়ার আগে অসংখ্যবার মহড়া দেন। এদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকি শুটিং চলাকালে কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না, তাঁর ফোন থাকে বন্ধ। এমনকি আউটডোর শুটিংয়ের সময়ও নওয়াজ তাঁর ফোন বন্ধ রাখেন। এবার ফাঁস হলো অভিনেত্রী ভূমি পেড়নেকর কীভাবে নিজেকে চরিত্রের জন্য প্রস্তুত করেন।
বলিউডের তরুণ এই অভিনেত্রী জোরদার প্রস্তুতি নিচ্ছেন তাঁর পতি পত্নী অর ওহ ছবির জন্য। বেশ কিছুদিন আগে ভূমি উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবির শুটিংয় করেন। তবে ক্যামেরার সামনে যাওয়ার আগে ভূমির এক লম্বা–চওড়া প্রস্তুতিপর্ব ছিল। জানা গেছে, এই বলিউড সুন্দরী শুটিংয়ে যাওয়ার আগে নিজেকে দীর্ঘক্ষণ হোটেল কক্ষে বন্দী করে রাখতেন। তবে নিজেকে প্রস্তুত করতে এর আগেও আরেকটি ধাপ আছে। যে শহরে শুটিং হবে, সেই শহরটি শুটিংয়ের আগে তিনি ভালোমতো ঘুরে নেন। এরপর হোটেলে ফিরে তিনি নিজেকে পুরোপুরি ঘরে বন্দী করে রাখেন। এরপর বন্ধ ঘরে ভূমি শহরটিকে ঘিরে টুকরো টুকরো স্মৃতি রোমন্থন করেন। এই সময় তিনি শুধু প্রযোজনা সংস্থার কলাকুশলীদের সঙ্গে কথা বলতেন।

রূপকথার মতো পিউডিপাইয়ের প্রেম ও পরিণয়
আট বছর আগে ঠিক যেদিন একে অপরের প্রেমে পড়েছিলেন, ঠিক সেদিনকেই বেছে নিলেন শুভ পরিণয়ের জন্য। বলছি ইউটিউব তারকা পিউডিপাই আর তাঁর স্ত্রী মারজিয়া বিসোগনিনের কথা। ২০ আগস্ট নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজেদের বিয়ের খবর বিশ্ববাসীকে জানান তাঁরা। একটা রূপকথার গল্পের মতো চোখধাঁধানো ছিল বিয়ের আয়োজন। খুব কাছের লোকজন নিয়ে সেই আয়োজন করা হয়।
পিউডিপাই হলেন প্রথম একক ব্যক্তি, যাঁর ইউটিউবে অনুসারীর সংখ্যা ১০ কোটিরও বেশি। সুইডিশ এই তারকার আসল নাম ফেলিক্স জেলবার্গ। অন্যদিকে, স্ত্রী মারজিয়াও কম যান না। ইতালীয় এই ইন্টারনেট তারকারও আছে বিশাল অনুসারীর দল। এর পাশাপাশি মারজিয়া ফ্যাশন ডিজাইনারও। কাজের সূত্র ধরেই প্রেম শুরু তাঁদের। দুজনই দুজনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়েছেন, কিন্তু এরপরও থেকেছেন একসঙ্গে। আর আট বছর একসঙ্গে থাকার পর অবশেষে শুরু করলেন সংসারজীবন, যা নিয়ে পিউডিপাই আর মারজিয়ার ভক্তরা এখন আনন্দে আটখানা।