হাওয়ায় ভাসছেন প্রিয়াঙ্কা
গত শনিবারের কথা। নিউইয়র্কের ঘড়িতে ভোর চারটা। ছয়টার দিকে আনজানা আনজানির (রনবীর কাপুর) সেট থেকে ডাক আসবে। তখন ঘুমের সময়। কিন্তু কে ঘুমাবে! বেজে ওঠে প্রিয়াঙ্কার মুঠোফোন। ওপ্রান্তে তাঁর চিকিত্সক বাবা কাঁদতে কাঁদতে জানান, ‘মিমি, তুই জাতীয় পুরস্কার পেয়েছিস!’ মুহূর্তেই সব বদলে যায়। চিত্কার করে বিছানা ছাড়েন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের এক লাখ ৪৭ হাজার ৯৫৪ জন বন্ধুকে তখনই জানিয়ে দেন, জীবনের সেরা সুখের মুহূর্তে ভাসছেন তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্তির এই সুখ, এই সোনার হরিণের দেখা কখনোই পাননি আমির খান, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, হূতিক রোশন, অভিষেক বচ্চন থেকে শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, মনীষা কৈরালা, কাজল, রানী মুখার্জি, প্রীতি জিনতা, ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফরা। এক ধাক্কায় এই তাবত্ জনপ্রিয় তারকাকে পেছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বিশ্বসুন্দরী ২০০০’ নামের সঙ্গে এখন জুড়ে গেল জাতীয় পুরস্কার পাওয়া ‘শ্রেষ্ঠ অভিনেত্রী ২০০৮’-এর তকমা। বিভিন্ন ভাষার ১২৬টি ছবির মধ্য থেকে ১৫ সদস্যের জুরি বোর্ড প্রিয়াঙ্কার ঝুলিতে এই রাষ্ট্রীয় সম্মান তুলে দেন ফ্যাশন ছবিতে অভিনয়ের জন্য। অথচ প্রিয়াঙ্কার ভাষায়, ‘এই ছবিটি আমি করতেই চাইনি। তিনবার ফিরিয়ে দিয়েছিলাম। মেঘনা মাথুরের মতো জটিল একটি চরিত্রে কাজ করার যে আত্মবিশ্বাস, তা আমার মধ্যে ছিল না। পরিচালক মধুর ভান্ডারকরই আমাকে টানা চার মাস বুঝিয়েছিলেন। ভাগ্য ভালো, বুঝতে পেরেছিলাম। নইলে আর কবেই বা এক ছবির জন্য ১৬টি পুরস্কার ঘরে তুলতাম!’বয়স কম হলেও অর্জনের পাল্লাটা প্রিয়াঙ্কার বেশ ভারী। বয়স ২৭, ছবি মুক্তিও পেয়েছে ২৭টি। হিট লিস্টে রয়েছে নয়টি ছবি (আন্দাজ, ওয়াক্ত, মুঝছে শাদি কারোগি, ব্লাফমাস্টার, কৃষ, ডন, ফ্যাশন, দোস্তানা, কামিনে)। হিন্দি ছবির অভিনেত্রীদের মধ্যে কাজলের পাশাপাশি প্রিয়াঙ্কাই একমাত্র অভিনেত্রী, যিনি সেরা অভিনেত্রীর পুরস্কারের পাশাপাশি খল অভিনেত্রীর (অ্যাইতরাজ) পুরস্কারও শোকেসে ভরেছিলেন। তবে প্রথম দিকের ছবিগুলোতে প্রিয়াঙ্কা নিজের নামের সঙ্গে খুব একটা সুবিচার করতে পারেননি। অবশ্য এখন তিনি বেশ সজাগ, ‘যদিও কাজটা সহজ নয়, তবে এখন থেকে প্রতিটি ছবিতেই নতুন প্রিয়াঙ্কাকে দর্শকের সামনে তুলে ধরতে চাই।’ এই দুঃসাধ্য সাধন করার জন্যই সম্প্রতি অভিষেক বচ্চনকে ছেড়ে দিয়েছেন মিস চোপড়া। কাছে টেনে নিয়েছেন সাত স্বামীকে। রোহান সিপ্পির ছবিতে একজন নায়কই ছিলেন, অভিষেক বচ্চন। কিন্তু বিশাল ভরদ্বাজের নতুন ছবি এক বাতা সাত-তে সাত স্বামীর ঘর করতে হবে প্রিয়াঙ্কাকে। এই ছবির সঙ্গে রোহানের ছবির শিডিউল ক্ল্যাশ হয়। হিসাব কষে প্রিয়াঙ্কা ‘বাই বাই’ জানালেন অভিষেককে, আপন করে নিলেন সাত স্বামীকে। হোয়াটজ ইওর রাশি ছবিতে ১২টি চরিত্রে অভিনয় করার বিশ্বরেকর্ড গড়ার পর এবার সাত স্বামীর এক স্ত্রী হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।স্কুলে বরাবরই গণিতে চৌকস ছিলেন তিনি। যদিও বলিউডের প্রেমের অঙ্কে প্রায়ই ভুল করে বসেন প্রিয়াঙ্কা। ক্যারিয়ারের শুরুতেই অক্ষয় কুমারের সঙ্গে ‘হাই ভোল্টেজ’ প্রেমের উপাখ্যান, অক্ষয়ের স্ত্রী টুইংকল খান্নার হুমকি, পরে নতুন নায়ক হারমান বেওয়েজার প্রেমে পড়া, অতঃপর বিচ্ছেদ, সর্বশেষ শহীদ কাপুরের সঙ্গে প্রেমের পাঠশালায় ভর্তি এবং সেখান থেকেও বের হয়ে আসা। যদিও সর্বশেষ খবর অনুযায়ী, ফারাহ খানের নতুন ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। অভিষেক, জনের সঙ্গে দোস্তানা টুতে বিশেষ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সেই সঙ্গে ফারহান আখতারের ডন টুতে শাহরুখ খানের বিপরীতে প্রধান চরিত্রে। একসময় শাহরুখের অন্ধ ভক্ত ছিলেন। এখন শাহরুখের সঙ্গে কাজ করতে পারাটা প্রিয়াঙ্কা তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন। শাহরুখের এতটাই ভক্ত যে প্রিয়াঙ্কা সম্প্রতি ঘোষণা করে বসেছেন, ‘প্রযোজক শাহরুখের ছবিতে আমি সব সময় বিনা পারিশ্রমিকে, স্ক্রিপ্ট না পড়েই কাজ করে দেব।’ কাজপাগল প্রিয়াঙ্কার টানা ৩২ ঘণ্টা কাজেরও রেকর্ড আছে। অবশ্য নাওয়া-খাওয়া ভুলে কাজ করতে গিয়ে কিছুদিন আগে পেয়ার ইম্পসিবল ছবির সেটে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। ২০১০-এর প্রথম ছবি হিসেবে পেয়ার ইম্পসিবল মুক্তি পেয়েছে। সমালোচকেরা হাততালি দিয়েছেন ঠিক, তবে বক্স অফিস অতটা সদয় হয়নি। তাতে কী? অভিনয়জীবনের সবচেয়ে বড় পুরস্কার রাষ্ট্রীয় পুরস্কার এখন প্রিয়াঙ্কার ঝুলিতে। বিশ্বসুন্দরীরা মেধাহীন, নিঃসার অভিনেত্রী—এই প্রবাদটি আরও একবার মিথ্যে প্রমাণ করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট