হাওয়ায় ভাসে ভাওয়াইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িয়াল ভাইয়ের গাড়ি এখন আগের মতো চোখে পড়ে না। হালের বলদও অনেকটা কমে গেছে। কিন্তু গাড়িয়াল ভাইয়ের ভাওয়াইয়া গান মাটি ও মানুষের সঙ্গে মিশে গেছে। রংপুরের গ্রাম-শহরে ভাওয়াইয়া গানের যেন কোনো কমতি নেই। এর কদর আরও জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিটি অনুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরের মূর্ছনায় মানুষ আন্দোলিত হয়ে উঠছে। এই গান ছাড়া অনুষ্ঠানই জমছে না। যেন হাওয়ায় ভাসে ভাওয়াইয়া। শিল্পীর কণ্ঠে ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারী বন্দরে’, ‘ওকি ও বন্ধু কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান, কয়া যান রে।’ গানগুলো শুনলেই মানুষ থমকে দাঁড়ায়। রংপুরের টাউন হল ও পাবলিক লাইব্রেরি মাঠ কিংবা শহীদ মিনারে ভাওয়াইয়া গানের আসর বসলেই উত্সবের রোল পড়ে। যেন প্রচার ছাড়াই মানুষের ঢল নামে। আর দর্শকদের তৃপ্তি মেটাতে শিল্পীরাও প্রাণ খুলে গেয়ে থাকেন একে একে অনেক গান।গ্রাম-বাংলার প্রত্যন্ত জনপদ ঘুরলেই কানে ভেসে আসবে এ রকম ভাওয়াইয়া গানের সুর। এ গান শুধু গ্রামেই নয়। এমন গান নিয়ে শহুরে জনপদের বড় বড় অনুষ্ঠানে আসর বসছে। অনুষ্ঠিত হচ্ছে ভাওয়াইয়া উত্সব। ভাওয়াইয়া গানের সুরের মূর্ছনায় অনুষ্ঠানগুলো যেন প্রাণচাঞ্চল্য ফিরে পায়। বিয়েবাড়িতে কনে বিদায়ের দৃশ্য। কনে বিদায় হচ্ছে গরুর গাড়িতে। বাবার বাড়িতে বড় হওয়া ওই মেয়েটির স্মৃতি থেকে চেনা গ্রাম যেন অচেনা হয়ে যায়। গরুর গাড়ি হেলে দুলে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ বেয়ে চলতে থাকে। এমন সময় কনে পেছন ফিরে তাঁর প্রিয় ছেড়ে যাওয়া গ্রামের দিকে তাকিয়ে গান ধরেন, ‘ওকি গাড়িয়াল ভাই আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিবার নাও মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল, আস্তে বোলাও গাড়ি। বাপ ছাড়িনু, মাও ছাড়িনু, ছাড়িনু ঘরবাড়ি...।’ভাওয়াইয়ার মূল সুরকে বাঁচিয়ে রাখতে এখন প্রয়োজন লোকসংগীতের সুর সংরক্ষণ। যেখান থেকে সুর সংগ্রহ করা যাবে। কথাগুলো বললেন রংপুরের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী হারুন আর রশিদ। আরেক ভাওয়াইয়া শিল্পী রমজান আলী বলেন, গ্রামের ছেলেমেয়েদের বাড়ি থেকে ধরে এনে গান শেখানো হচ্ছে। গান শিখে প্রতিবছরই এখানকার খুদে শিল্পীরা গান গাইতে যাচ্ছে দেশের বাইরে। লেখক শান্ত নুরুন্নবী বলেন, ভাওয়াইয়া গানের শিল্পীরা আজ বড়ই অবহেলিত। অথচ এই গান কী যে মানুষকে দোলা দেয়। এই গানকে চিরঞ্জীব করে রাখতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি জরুরি। আর তা না হলে সভ্যতার ছোঁয়ায় একসময় হয়তো হারিয়ে যাবে ভাওয়াইয়ার মূল সুর।