হাকিম চত্বরে শরৎ বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরৎ মানেই সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো নীল আকাশ আর শিউলি ফোটা ভোর। ব্যস্ত নগরে শরতের এ রূপ দেখা ভার। তবু মাঝেমধ্যে ঝকঝকে নীল আকাশ দেখে যে কেউ বুঝতে পারে, এসেছে শরৎ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শরৎ বন্দনার আসর বসে। ‘শরৎ উৎসব ১৪১৯’ আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে উদ্যাপিত হলো এ উৎসব।সত্যেন সেন শিল্পীগোষ্ঠী প্রতিবছরের আশ্বিনের দ্বিতীয় শুক্রবার আয়োজন করে শরৎ উৎসব। ভোরের আলো ফুটতেই শুরু হয় শরতের গান ও নৃত্য পরিবেশনা। উপস্থিত দর্শকের হাতে হাতে কাশফুলের শুভেচ্ছা জানান দেয় আজ শরৎ। উৎসবে ছিল আবৃত্তি ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও।দলীয় সংগীত ‘শিউলিতলায় ভোর বেলায়’ পরিবেশন করে ধ্রুব শিশু-কিশোর সংগঠন। বহ্নিশিখা ও ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমির শিল্পীরা পরিবেশন করেন লোকসংগীত ‘লোকে বলে মরা কার্ত্তিক মাসে’ ও ‘হাওয়া বাতাস নীরব হইল এইনা ভাদ্র মাসে’। রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন রবিরাগ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও অভ্যুদয়ের শিল্পীরা। তাঁরা গেয়ে শোনান, ‘আমার নয়নও ভোলান এলে, বিশ্ববীণা রবে ও শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি।’ একক সংগীত পরিবেশন করেন সাদি মহম্মদ, যোসেফ কমল রড্রিক্স, সাজেদ আকবর, সালমা আকবর ও শহীদ খান। দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দন, নটরাজ ও নৃত্যশ্রীর নৃত্যশিল্পীরা। দলীয় আবৃত্তি পরিবেশন করেন ঢাকা স্বরকল্পন আবৃত্তি চক্রের বাকশিল্পীরা। তাঁরা আবৃত্তি করেন ‘চরকা কাটা শরৎ বুড়ি’ কবিতাটি। ‘শরৎ কথনে’ অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরী। সংগঠনের সভাপতি হায়াৎ মামুদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানজার চৌধুরী।