রাতের বেলা মোহাম্মদপুরের চিত্রটাই যেন অন্য রকম। মোড়ে মোড়ে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা টানানো হয়েছে। বিশ্বকাপের খেলা দেখা হবে। দ্বিতীয় পর্বে আর্জেন্টিনা ও মেক্সিকোর খেলা।বিকেলবেলায় খবর পাওয়া গেল, আজিজুল হাকিমের বাসায় খেলা দেখার এক বিশাল আয়োজন করেছেন হাকিমের স্ত্রী জিনাত হাকিম। সেখানে নাকি বিনোদন ভুবনের অনেকেই আসবেন।রাত ১২টার দিকে তাঁর বাসার নিচে গিয়ে দেখা গেল শহিদুজ্জামান সেলিম ও রোজী সেলিমকে। তাঁরা দুজনই ব্রাজিলের সমর্থক। বললেন, তাঁরা আজ মেক্সিকোর সমর্থক হয়ে খেলা দেখবেন। রোজী বললেন, আর্জেন্টিনা জিতলে খারাপ লাগবে না, তবে জেতাটা কঠিন হবে।তৃতীয় তলায় গিয়ে তো চোখ ছানাবড়া। পুরো বাড়ির মানুষ এখানে খেলা দেখবে। একদল মানুষ আর্জেন্টিনা আর অন্য দল পরেছে ব্রাজিলের জার্সি। দারুণ শোরগোল।বাড়ির দুই কর্তাব্যক্তি আজিজুল হাকিম অবশ্য জার্মানির সমর্থক। আর তাঁর স্ত্রী জিনাত হাকিম আর্জেন্টিনার সমর্থক। হাকিমের মেজাজটা ফুরফুরে। কারণ জার্মানি ৪-১ গোলে ইংল্যান্ডকে হারিয়েছে। স্ত্রী জিনাত হাকিমের দল জিতবে তো? হাকিম সরাসরি কিছু বললেন না। তবে ইশারায় বুঝিয়ে দিলেন, আর্জেন্টিনা খুব একটা সুবিধা করতে পারবে না।আবার যখনই জিনাত শুনলেন, আর্জেন্টিনা জিতলেও জার্মানিকে মোকাবিলা করতে হবে, জিনাতের চোখ যেন কপালে ওঠার জোগাড় হলো।এ সময় সেলিম বললেন, ‘ওরা মারামারি করবে আর আমরা ব্রাজিল, ভালো খেলে কাপটা নিয়ে যাব। হা হা হা...।সুইটি-তারিন একই সঙ্গে প্রবশে করলেন।তারিন বললেন, ‘আমি ব্রাজিলের সমর্থক হলেও ইদানীং ব্রাজিলের খেলার যে ছন্দপতন হয়েছে, তাতে দল পরিবর্তন করে ফেলেছি। এখন আমি আর্জেন্টিনার সমর্থক।’ এরই মধ্যে টিভির পর্দায় আর্জেন্টিনার খেলোয়াড়দের ছবি ভেসে উঠল। তারিন মেসিকে দেখিয়ে বললেন, ‘সোনা বাবু, আ যা মেরা পাস। আসো তো বাবু সোনা। একটা গোল করো।’ রোজী তারিনকে বললেন, ‘সত্যি সত্যি তোরে যদি মেসি দেখত, তাহলে খেলাটা ছাইড়া দিয়া তোর দিকে ঝাঁপ দিত রে।’ এ কথা শুনে তো সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ছিলেন।সুইটি বললেন, ‘আমি তো ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনাকে সমর্থন করতাম, কিন্তু খেলার মাঠে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর হচ্ছে ম্যারাডোনার লাফালাফি। উফ, ওসব দেখলে গায়ে জ্বালা ধরে।’জিনাত বললেন, ‘এ কী! এরা তো আজ মনে হয় এসেছে আমাদের হারাতে।’রোজী বললেন, ‘খেলা শুরু হবে কখন? আমার তো ঘুম পাচ্ছে।’জিনাত সবাইকে ভূরিভোজের জন্য আমন্ত্রণ জানালেন। বললেন, খেলা শুরু হবে, তখন তো আর সময় পাওয়া যাবে না।ফেরদৌস প্রথমবারের মতো আজিজুল হাকিমের বাসায় আসছেন। রাস্তা থেকেই ফোন করে বাড়ির লোকেশন জেনে নিলেন। ঘরে ঢুকেই বললেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। আজ মেসি অবশ্যই গোল পাবে।’ তারিন তো খুবই খুশি, এমন একজন সমর্থক পেয়ে।খেলা শুরু হয়ে গেল। চলছে দুই পক্ষের খেলোয়াড়দের বল নিয়ে কাড়াকাড়ি। বল যখন আর্জেন্টিনার বিপৎসীমার দিকে যায়, তখনই ব্রাজিলের সমর্থক হিসেবে রোজী সেলিম, শহিদুজ্জামান সেলিম, সুইটি গোল গোল বলে চিৎকার করে ওঠেন। আর মেক্সিকো প্রথম দিকে বল এতটাই চাপাচ্ছিল যে ফেরদৌস তো একবার ইলিশের কাঁটা গলায় আটকে ফেললেন। তবুও টিভির পর্দা থেকে দৃষ্টি আর সরে না তাঁর। এরই মধ্যে আফসানা মিমি ঢুকলেন। সবার প্রশ্ন মিমির কাছে। আপনি কোন দলের সমর্থক? মিমি বললেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা গোল খেলে আমি হাসব। আনন্দ করব।’ এ সময় ফেরদৌস বললেন, ‘আর যদি আর্জেন্টিনা গোল দেয়, তবে আমি মিমি আপু আপনাকে সঙ্গে নিয়ে আনন্দ করব। ওরা ছবি তুলবে। বলব, গোলের আনন্দে আমরা আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকেরা এতটাই উল্লসিত।’ মিমি প্রতিবাদ জানালেন। ‘মোটেই না। আর্জেন্টিনা গোল দেবে, আর তাতে আমি আনন্দ করব, এটা হতেই পারে না।’এর মধ্যে একটা গোল দিয়ে বসল আর্জেন্টিনা। সেলিম, মিমি, রোজী সবার চিৎকার—এটা গোল হয়নি। অফসাইড। মাঠের উত্তেজনা রীতিমতো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে পাশের ঘরে মারামারি লেগে গেছে। জিনাত হাকিম ছুটে গেলেন। কোনো রকমে সেখানকার যুদ্ধ থামালেন।তারিন বললেন, গোল তো গোলই। এটা নিয়ে আবার এত কথা কেন। ফেরদৌস তো গলা ফাটিয়ে ব্রাজিলের সমর্থকদের এবার একহাত দেখে নিলেন। টিভির পর্দায় যখন দেখা গেল রেফারি সিদ্ধান্তহীনতায়, তখন আর্জেন্টিনার সমর্থকদের চিৎকার থেমে গেল। কিন্তু যখন টিভির পর্দায় ভেসে উঠল যে গোল হয়েছে, তখন তারিনের নাচ আর দেখে কে? তবে এটা হিন্দি ছবির নাচ, না বাংলা ছবির নাচ, তা বোঝা গেল না।গোলের আনন্দের রেশ কাটতে না-কাটতেই আরও একটি গোল হয়ে গেল। আর্জেন্টিনার সমর্থক হিসেবে ফেরদৌস, তারিন আর হাকিমের স্ত্রী জিনাত যেন পুরো বাড়ি মাতিয়ে তুললেন। তবে শহিদুজ্জামান সেলিম বললেন, ‘আসলে প্রথম বিতর্কিত গোলটাই না খেলার মানটা নষ্ট করে দিয়েছে। মেক্সিকোর খেলোয়াড়দের মনোবল নষ্ট করে দিয়েছে। ফলে এই খেলার সৌন্দর্য আর থাকল না।আজিজুল হাকিমও সমর্থন জানালেন সেলিমের কথায়। অবশ্যই ব্রাজিলের সমর্থকেরা কেউ কেউ আর্জেন্টিনার সমর্থকদের মনে করিয়ে দিলেন যে এত খুশির কিছু নেই। সামনের খেলা পড়বে জার্মানির সঙ্গে। তখন কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুইটি বললেন, ‘সেদিন হাকিম ভাই আর তাঁর স্ত্রী জিনাত ভাবির অবস্থা কী হবে?’জিনাত বললেন, সেদিন তো জার্মানি গোল খাবে।খেলায় বিরতি দেওয়া হলো। থেমে গেল কোলাহল। ফেরদৌস, সুইটি, তারিন, সেলিম সবাই বললেন, বাকি খেলাটা তাঁরা বাসায় গিয়ে দেখবেন। এমন একটি ব্যতিক্রম আয়োজনের জন্য হাকিম দম্পতিকে সবাই ধন্যবাদ জানালেন।বাইরে ঝিরঝিরে বৃষ্টি। রাস্তার মোড়ে মোড়ে তখন তরুণদের জটলা। খেলা নিয়ে নানা গল্পে মশগুল তারা। তাদের প্রশ্ন একটাই—মেসি কেন আজও গোল পেল না। একটু পরই মুঠোফোনে ফেরদৌসের ফোন, ‘আরও একটা গোল দিয়েছে আর্জেন্টিনা। বলল, সত্যি আজকের খেলাটা উপভোগ করলাম।’