হাজার কোটির ক্ষতির মুখে বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বলিউডের বিশাল বাজারেও থাবা বসিয়েছে করোনা। করোনার সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে বন্ধ ভারতের প্রেক্ষাগৃহ। মুক্তি পায়নি কোনো ছবি। গত ১৯ মার্চ থেকে ভারতে সিনেমা, টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজের শুটিং বন্ধ। ব্যয়বহুল শুটিং সেটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে সমগ্র ভারতের বিনোদনমাধ্যম। ক্ষয়ক্ষতির সেই হিসাব নিয়ে লিখেছেন দেবারতি ভট্টাচার্য।
গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি ছবির পোস্টারে আলিয়া ভাট
গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি ছবির পোস্টারে আলিয়া ভাট

প্রথম পর্যায়ে গত ২৫ মার্চ ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর ১৫ এপ্রিল এর সময়সীমা আরও ১৯ দিন বাড়ে। তবে ভারতের মাল্টিপ্লেক্স ও সাধারণ প্রেক্ষাগৃহগুলোতে আরও আগেই তালা ঝোলানো হয়েছিল। ২০ মার্চ থেকে বলিউডে কোনো ছবি মুক্তি পায়নি। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে প্রথমে আশঙ্কা করা হয়েছিল, এ যাত্রায় ৬০০ থেকে ৯০০ কোটির আর্থিক ক্ষতি হবে। কিন্তু দ্বিতীয় ধাপে লকডাউনের মেয়াদ বাড়লে এই ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা দেখা দেয়। বলিউডের বক্স অফিস বিশ্লেষকেরা ধারণা করছেন, এখন বলিউড এক হাজার কোটি রুপির বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, লকডাউনের পর প্রেক্ষাগৃহ খুলে গেলেও শুরুতে দর্শকসংখ্যা হাতে গোনা থাকবে।

চীনকে দেখে বলিউড কি শিক্ষা নেবে?

করোনার সংক্রমণ রুখতে চীনে দীর্ঘদিন লকডাউন জারি ছিল। লকডাউন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে চীনের সব প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হয়। কিন্তু কোনো দর্শক প্রেক্ষাগৃহের ত্রিসীমানায় পা রাখেননি। তাই সিনেমাহল খোলার তৃতীয় দিনেই হলের মালিকেরা আবার তা বন্ধ করে দিতে বাধ্য হন। ভারতেও লকডাউনের পরপরই প্রেক্ষাগৃহ খুললে চীনের মতো অবস্থা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তখন সিনেমা হলের মালিকদের আরও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে রোহিত শেট্টির ছবি সূর্যবংশী ও কবির খানের ৮৩ মুক্তির জন্য প্রস্তুত। লকডাউন উঠে গেলেও এই দুই পরিচালক নিশ্চয়ই চাইবেন না যে তাঁদের ছবি ফাঁকা হলে মুক্তি পাক।

ছবির হাল বেহাল

করোনার কারণে সবার আগে ক্ষতির মুখ দেখেছে বাগি থ্রি ও আংরেজি মিডিয়াম ছবি দুটি। টাইগার শ্রফের বািগ অত্যন্ত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। তাই এই ছবি থেকে নির্মাতারা অনায়াসে ১৫০ কোটি রুপি আয়ের আশা রেখেছিলেন। কিন্তু করোনা তাঁদের সব আশায় পানি ঢেলে দেয়। অন্যদিকে আংরেজি মিডিয়াম ছবিটি থেকেও ভালো আয়ের আশা ছিল নির্মাতা ও প্রযোজকের। কারণ, হিন্দি মিডিয়াম-এর মতো সফল ছবির সিকুয়েল এটি। তা ছাড়া ইরফান খান এই ছবিটি দিয়ে দীর্ঘদিন পর আবার পর্দায় ফিরেছিলেন। আংরেজি মিডিয়াম মুক্তির পরপরই লকডাউন ঘোষণা করা হয়।

সূর্যবংশী ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে (বাঁ থেকে) রণবীর সিং, অজয় দেবগন, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ
সূর্যবংশী ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে (বাঁ থেকে) রণবীর সিং, অজয় দেবগন, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ

ছবিতে ছবিতে টক্কর

লকডাউনের কারণে একাধিক ছবির মুক্তি পিছিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, লকডাউন উঠে গেলে একটি ছবির সঙ্গে অন্য ছবির হাড্ডাহাড্ডি টক্কর হবে। বলিউডের বড় নির্মাতারা সাধারণত সব সময় চেষ্টা করেন ‘ক্ল্যাশ’ (সংঘর্ষ) এড়াতে। কিন্তু লকডাউনের কারণে এ বছর ‘ক্ল্যাশ’ এড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। তাই আর্থিক ক্ষতির পাশাপাশি আগামী দিনে বলিউডে মনোমালিন্য, বিবাদ আর রেষারেষি বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। এমনকি সালমান খানের রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাইও ঈদের দিন মুক্তি পাবে না।

আংরেজি মিডিয়াম ছবির দৃশ্য
আংরেজি মিডিয়াম ছবির দৃশ্য

সেট বরবাদ

করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ এক মাসের বেশি সময় ধরে। ফাঁকা পড়ে আছে শুটিং সেট। এ কারণে বেশ কিছুর ছবির দামি সেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২১ মার্চ অজয় দেবগনের পরবর্তী ছবি ময়দান-এর দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল। স্পোর্টস বায়োপিকের জন্য নির্মাতারা মুম্বাইতে এক অস্থায়ী স্টেডিয়াম বানিয়েছিলেন। এই সেটটি নির্মাণ করতে খরচ হয় সাত কোটি রুপি। সেখানে ফুটবল ম্যাচের কিছু দৃশ্য ধারণের কথা ছিল। কিন্তু কাজ আটকে যাওয়ায় ময়দান ছবির সেটটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান নির্মাতারা। এর মধ্যে যদি বৃষ্টি আসে, তাহলে সেটটি পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এদিকে সঞ্জয়লীলা বানসালির গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল মার্চের শেষে। ছবির জন্য মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ছয় কোটি রুপি ব্যয়ে সেট নির্মাণ করা হয়। সাম্প্রতিক পরিস্থিতি দেখে নির্মাতাদের ধারণা যে মে মাসেও ছবির শুটিং শুরু করা যাবে না। আর জুন মাসে বর্ষা চলে আসবে। তাই এই সেটটি তখন ভগ্নস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা করছেন নির্মাতারা। জানা গেছে, সঞ্জয়লীলা বানসালির ব্যানারের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি হতে চলেছে। ছবির মূল চরিত্রে আছেন আলিয়া ভাট।