হাজার তারের বীণা
দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কবিতা যেমন শোষকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তেমনি তিনি কবিতায় গেয়ে গেছেন মানবতার গান। বিদ্রোহী কবির ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল গতকাল বুধবার সন্ধ্যায়। জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে কবির জীবন কহিনি ফিরে এল গীতিনৃত্যনাট্য হাজার তারের বীণার মঞ্চায়নের মাধ্যমে। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গহর রিজভী, আলী জাকের, বাফার চেয়ারম্যান রাহিজা খানম ও গীতিনৃত্যনাট্যের লেখক এনামুল হক।কবির কর্তব্য হলো সংগ্রাম করা। ন্যায় ও স্বাধীনতার জন্য সে এক অবিরাম সংগ্রাম। যা কিছু সুন্দর, সত্যাশ্রয়ী এবং মানুষের জন্য মঙ্গলজনক তাঁকে নির্দয় নিস্পেষণে নির্মূল করতে অশুভ শক্তির হাত সতত আগ্রহী। কবি সংগ্রামী মানুষকে তাদের প্রাপ্য সব অধিকার ও সম্মান সম্পর্কে সজাগ করে তোলেন। এই তো ছিল কবি কাজী নজরুলের জীবনচিত্র। হাজার তারের বীণা গীতিনৃত্যনাট্যে এ বিষয়টিই উঠে এসেছে। নৃত্যনাট্যে কবির চরিত্রে কবিরুল ইসলাম, মন্দিরা চরিত্রে অভিনয় করেছেন ফারহানা চৌধুরী।