হাজারো কণ্ঠে বর্ষবরণ এবার অর্ধযুগে পড়বে

হাজারো বাঙালির কণ্ঠে বাংলার নতুন বছরকে বরণ করতে বিগত বছরগুলোর মতো এবারও চ্যানেল আই ও সুরের ধারা আয়োজন করেছে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান। দেশ-বিদেশের হাজারো কণ্ঠশিল্পীর উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পয়লা বৈশাখে আয়োজন করা হবে এ অনুষ্ঠানের। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ইউনিলিভার ব্র্যান্ড সানসিল্ক। আয়োজনটি এবার অর্ধযুগে পড়বে।
আজ সোমবার আয়োজনটির বিস্তারিত জানাতে চ্যানেল আই, সুরের ধারা ও ইউনিলিভার বাংলাদেশ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুরের ধারার চেয়ারম্যান ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ইউনিলিভার বাংলাদেশের হেড অব পার্সোনাল কেয়ার নাফিস আনোয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবারের সূর্যোদয় থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত একটানা চলবে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা ও সারা দেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে গান, নাচসহ নানা পরিবেশনা। থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে পঞ্চকবির গানসহ ছয়টি ছয়টি একক পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের রবীন্দ্র, নজরুল এবং আধুনিক গানের বরেণ্য শিল্পীরা। থাকবে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও তার দল এলআরবির বিশেষ পরিবেশনা। থাকছে সানসিল্ক বৈশাখী ফ্যাশন শোর মতো ব্যতিক্রম আয়োজনও।
গেলবারের মতো এবারও অনুষ্ঠানস্থলে থাকবে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বৈশাখী মেলার হরেক রকম স্টল। স্টলগুলোতে শোভা পাবে পিঠাপুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্যসামগ্রী।
বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ যোগ হয়েছে ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে ‘ঘুড়ি উত্সব’।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বর্ষবরণ অনুষ্ঠান ছাড়া একই স্থানে আগের দিন বিকেল থেকে সুরের ধারার আয়োজনে অনুষ্ঠিত হবে ‘চৈত্রসংক্রান্তি উত্সব ১৪২৩’। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। এবারকার চৈত্রসংক্রান্তির বিষয় ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।