হাতসাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতসাফাই
হাতসাফাই

নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক, নীলক্ষেত পুরোটা চক্কর মারা শেষ। সবটাই বৃথা। কিছুই চোখে পড়ল না। সবাই আজকাল চালাক হয়ে গেছে, বিশেষ করে মেয়েরা। কোথায় যে জিনিসপত্র রাখে! পুরুষ মানুষ বোকাই আছে। প্যান্টের পকেটই ভরসা। এই লাইনে দু-একটা ব্যর্থতা ছাড়া আমার হাত পাকা। টার্গেট নজরে এলেই কেল্লা ফতে! আজ কী যে হলো! নীলক্ষেতের তেহারির গন্ধ পেটে মোচড় খাচ্ছে। রোজা-রমজানেও এদের ব্যবসার মার নেই। আফসোস, এইচএসসি পাস আমার না হইল চাকরি, না হইল ব্যবসা। তবে হাতসাফাইটা ভালো শিখাইছে ওস্তাদ। এই করেই সাত বছর ধরে টিকে আছি।আজ যা গরম। হীরার গয়না পরা সুন্দরী মডেল লাল-সবুজ সিগন্যালের ওপর ছবি হয়ে হাসছে। ইমিটেশন পরে কাকলি যেই হাসি দেয়, তার কাছে মডেলের হাসি কিছুই না! কাকলি, আমার বউ; ভদ্র মেয়ে। কেউ জানতে চাইলে বলে তার স্বামী ঝুট কাপড়ের ব্যবসা করে। সত্যি কি কাকলি জানে না, নাকি মিথ্যা বলে! মুখ দেখে আমি বুঝতে পারি না। অবশ্য আমার কথাবার্তা, বেশভূষা, চালচলনে কারও সন্দেহ হওয়ার কথাও নয়।বাপরে, ঢাকার মানুষ আজ মিছিল করতে নেমেছে নাকি। কেউ মনে হয় ঘরে নেই। আমার জন্য অবশ্য ভিড় ভালো। মুশকিল একটাই, সব খানে পুলিশ গিজগিজ করছে। পুলিশ বড় কঠিন জিনিস। এই তো গত ঈদে; এক মেয়ের ব্যাগ সাফ করলাম। আমার মনে হলো মেয়েটা টের পায়নি। চুপচাপ কেটে পড়ব। আচমকা তড়াক করে সোজা হয়ে গেল মেয়েটা। একদম দুর্বল জায়গায় কারাতের প্যাঁচ মারল। তারপর থানা-পুলিশ। পুলিশ দুই দিন আমার ওপর হাত মকশো করল। গডফাদার-জাতীয় কেউ না আসায় বেরিয়ে আসতেও সময় লাগল। গডফাদার না থাকায় ঝুঁকি যেমন, লাভও তেমন। একলা মিয়া, যা পাও নিজে খাও। যাক, আজ ভাগ্য মনে হয় খুলল। সামনের মেয়েটার ফোনটা বেশ দামি মনে হচ্ছে। একটা দাও মারতে পারলেই কদিনের জন্য নিশ্চিত। গাড়ির ঠেলায় হাঁটা যাচ্ছে না। সব বড়লোকের কারবার। মাথা গরম হয়ে যাচ্ছে। এত মন্দা যায়নি আগে। এই এলাকায় সব সময়ই কিছু না কিছু মিলেছে। এটা মিস হলে বিপদ।‘মা, মা, দেখো ছিনতাইকারী।’ বাচ্চাটা কি আমাকে বলছে? আরে তাই তো। ভদ্রমহিলা বিব্রত হেসে বললেন, ‘ভাই, কিছু মনে করবেন না।’ আমি ততক্ষণে দ্রুত পালাচ্ছি। ছেলেটা চেঁচাচ্ছে, ‘মা, সিআইডিতে আমি এমন ছিনতাইকারী দেখেছি, ওরা ভয়ংকর, ওরা খুন করতে পারে।’কী জঘন্য কথা, আমি খুন করতে পারব? আমি কি খুনি? ছেলেটা আমাকে দেখে কীভাবে বুঝল আমি ছিনতাই করি। সিআইডি দেখে? আমার ছেলেটার বয়স মাত্র চার মাস; সেও তো সিআইডি দেখে।

আজিমপুর সরকারি কলোনি, ঢাকা।