হাতের কাছেই ওরেনবুর্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘ওরেনবুর্গ স্টেট একাডেমিক ফোক কয়্যার’–এর পরিবেশনা
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘ওরেনবুর্গ স্টেট একাডেমিক ফোক কয়্যার’–এর পরিবেশনা

একটা গানের কথা ছিল এ রকম, ‘রুশ গান যদি সঙ্গী হয় আমার, তাহলে কখনোই যৌবন হারাব না’। তারই রূপায়ণ যেন ঘটতে থাকল একের পর এক গান আর নাচে কিংবা যন্ত্রসংগীতে। রাশিয়ান ফেডারেশন থেকে ঢাকায় এল ‘ওরেনবুর্গ স্টেট একাডেমিক ফোক কয়্যার’। এল, দেখল আর জয় করল। কসাকদের অনবদ্য নৃত্যগীত, কিংবা যুদ্ধরত প্রেমিককে স্মরণ করে গাওয়া মেয়েটির গান যেন চোখে লেগে থাকল, ঢুকে গেল মনেও। মঞ্চজুড়ে শুধু আনন্দেরই আবহ। জীবন যে ফেলনা নয়, এর প্রতিটি মুহূর্তই যে অনুভব করতে হয়, আনন্দে ভরিয়ে দিতে হয়, সে কথাই আরেকবার বুঝি স্মরণ করাল ওরেনবুর্গের এ দলটি।
সৌভাগ্য আমাদের, রাশিয়ার সেরা একটি দলকে পেলাম শিল্পকলার জাতীয় নাট্যশালায়, রুশ দূতাবাসে। প্রাণের স্পন্দন বুঝি একেই বলে! ব্যক্তিগতভাবে আমার সৌভাগ্য, যে কসাকদের জীবনের দৃশ্যরূপ ছিল অনুষ্ঠানটি, সেই কসাকদের অঞ্চলেই কাটিয়েছি জীবনের ১০টি বছর। দোন্স্কি কাজাক বা কুবান্স্কি কাজাকদের (রুশ ভাষার কাজাকই ইংরেজিতে কসাক হয়েছে) দেখেছি একেবারে কাছে থেকে। ফলে পরিচিত গানগুলো, নাচগুলো যখন দেখছিলাম, তখন আনন্দময় স্পন্দনে ভরে যাচ্ছিল মন। হাতের কাছেই পেয়ে গেলাম ওরেনবুর্গকে, পেয়ে গেলাম গোটা রাশিয়াকে!
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের মঞ্চটি বড় বলে ছিল বড় দলের পরিবেশনা। রুশ দূতাবাসের ছোট মঞ্চে অংশগ্রহণকারীর সংখ্যা গিয়েছিল কমে। কিন্তু শেষেরটিই যেন হয়ে উঠেছিল বেশি প্রাণবন্ত।
কী ছিল এই কয়ারে? ছিল বালালাইকা—রুশ বাদ্যযন্ত্র, যার সুর কখনো মনে হয় একতারা, কখনো সেতার, কখনো অজানা কোনো সুরের ইঙ্গিতে বিভোর করে মন। ছিল বাইয়ান, ছিল অ্যাকর্ডিয়ান, ছিল বাঁশি। এই বাদ্যযন্ত্রগুলো একেকবার একেকরকমভাবে বেজে ওঠে গায়ক ও নর্তককে যেন বেঁধে নিল প্রাণের টানে।
‘মস্কোর সন্ধ্যা’, ‘কালিনকা’ কিংবা ‘কাতিউশা’ গানগুলো শুধু রাশিয়ায় নয়, রুশ সংস্কৃতির ধারক হিসেবে বিশ্বজুড়েই পরিচিত। সেই সঙ্গে ‘মারুসিয়া, রাস দ্ভা ত্রি’ গানটির ভুক্তি হয়ে উঠল সোনায় সোহাগা। রুশ ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় পোশাকও দৃষ্টি কাড়ল। কসাকদের ঐতিহ্যবাহী নাচে একের পর এক অংশগ্রহণকারী এসে শরীরের ওপর নিজেদের দখলের যে পরিচয় দিলেন, তা ছিল অনবদ্য।
ওরেনবুর্গের লোকদলটির পরিবেশনা দেখতে দেখতে মনে হলো, কী অনবদ্য নিষ্ঠা আর পরিশ্রমের ফসল এই অনুষ্ঠান। কোথাও একফোঁটা ফাঁকি নেই। বছরের পর বছর চর্চা করলেই শুধু এই পরিপক্বতা অর্জন করা যায়। যাঁরা অনুষ্ঠান দেখেছেন, তাঁদের হর্ষধ্বনি আর করতালিই বুঝিয়ে দিয়েছে, সংস্কৃতি শুধু উপরিতলে ভেসে বেড়ানো দুই দিনের বৈরাগীর হাতেই পড়ে থাকে না—গভীরতার মূল্য আছে, থাকবেও।
রাশিয়ান ফেডারেশন থেকে এত বড় একটা সাংস্কৃতিক দল বুঝি এই প্রথম এল বাংলাদেশে। ২১ নভেম্বর শিল্পকলার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর স্বাধীনতাযুদ্ধে রাশিয়ার অবদানের কথা স্মরণ করলেন। সংস্কৃতিমন্ত্রী জানােলন, সামনের বছর বাংলাদেশ থেকেও একটি দল যাবে রাশিয়ায়। সাংস্কৃতিক দলের সঙ্গে আসা রুশ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী গ্রিগরি ইভ্লিয়েভের কণ্ঠেও শোনা গেল মৈত্রীর সুর। ২৩ নভেম্বর দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দর নিকোলায়েভ জানান, রাশিয়া আবারও ফিরে এসেছে বাংলাদেশে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে রাশিয়া বাংলাদেশের পাশে প্রবলভাবে থাকবে।