হাতের পাঁচে উন্মাদিনী ফারজানা ছবি
‘হাতের পাঁচ’ নাটকে এক উন্মাদিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনয়শিল্পী ফারজানা ছবিকে। রাজু খানের পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের জন্য।এ নাটকে ফারজানা ছবিকে উন্মাদ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাবে। ১০ বছরের একমাত্র সন্তানকে অর্থাভাবে চিকিত্সার ব্যয় বহন করতে পারছেন না। এ নির্মম বাস্তবতা মা হিসেবে মেনে নিতে পারছেন না ছবি। তাই ছেলের চিকিত্সার জন্য টাকা সংগ্রহ করতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় তাঁকে। নাটকটিতে অভিনয় করতে গিয়ে ঢাকার রাজপথের পাশে ফুটপাতে ও ভাসমান অবস্থায় অনেকটা সময় কাটাতে হয়েছে ফারজানা ছবিকে। এ ধরনের চরিত্রে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘চরিত্রটি বাস্তবসম্মত করে তুলতে এর চেয়েও কঠিন কাজ অভিনয়শিল্পীদের করতে হয়। সব নাটকে আমি চেষ্টা করি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। তাই এ ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোই লেগেছে। এখন দর্শক নাটকটি পছন্দ করলেই অভিনয়ের পরিশ্রমটা সার্থক হবে বলে মনে করছি।’ ‘হাতের পাঁচ’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন সোহান, রাজু খান, কাজী রাজু প্রমুখ।