হানিফ সংকেতের ‘আলতা রাঙা মন’
বরাবরের মতো এবারের ঈদেও হানিফ সংকেত এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন এক ঘণ্টার নাটক। নাম ‘আলতা রাঙা মন’। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। গ্রামের একজন সহজ-সরল কৃষক ও তাঁর স্ত্রীকে ঘিরেই তৈরি হয়েছে আলতা রাঙা মনের গল্প। নাটকে দেখা যাবে, রহিম মিঞা কৃষিকাজ করে সংসার চালান। অর্থাভাবে রহিম মিঞা কখনো তাঁর স্ত্রী ও ছেলের সখ মিটাতে কিছুই করতে পারেননি। এ নিয়ে তাঁর মনেও রয়েছে কষ্ট। তার পরও স্বপ্ন দেখে রহিম মিঞা। তিনি ও তাঁর পরিবারের সুখ-দুঃখ, কান্না-হাসি নিয়েই আলতা রাঙা মন।নাটকটিতে রহিম মিঞার চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেতা সাইদ বাবু এবং তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তারিন। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘হানিফ সংকেতের নাটকের নামে যে রকম ভিন্নতা থাকে গল্পেও থাকে বৈচিত্র্য, থাকে একটি সামাজিক বক্তব্য। তাই কাজগুলো করেও অনেক ভালো লাগে। নাটকটিতে আমার বিপরীতে বাবুও বেশ ভালো অভিনয় করেছে।’আলতা রাঙা মন নাটকে আরও অভিনয় করেছেন—আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, আফজাল শরীফ প্রমুখ। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় নাটকটি ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।