হানিফ সংকেতের 'পরিণামে পরিণয়'

ঈদের সময় অধিকাংশ নির্মাতাই কয়েকটি করে নাটক নির্মাণ করলেও বছরের দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এরই ধারাবাহিকতায় এবারও তিনি একটি নাটক নির্মাণ করেছেন। এটিএন বাংলার জন্য নির্মিত ঈদের বিশেষ এ নাটকটির নাম ‘পরিণামে পরিণয়’। এ নাটকের মধ্য দিয়ে জাহিদ হাসান ও জেনী প্রথম একসঙ্গে কোনো নাটকে অভিনয় করলেন।
‘পরিণামে পরিণয়’ নাটকের গল্পে দেখা যাবে, জীবিকার প্রয়োজনে বিদেশে কাজ করে দুই যুবক। দীর্ঘদিন পর ঈদের ছুটিতে তারা দেশে আসে। এদের একজনের মধ্যে যেমন দেশের এবং মায়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, তেমনি অন্যজন দীর্ঘদিন পর দেশে এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অস্বস্তিতে ভুগতে থাকে। এ ছাড়া দেশে এসে এরা জড়িয়ে পড়ে নানান পারিবারিক জটিলতায়। এসব বিষয় নিয়েই গড়ে উঠেছে ‘পরিণামে পরিণয়’ নাটকের গল্প।
এদিকে এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে তাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্ত্বেও দর্শকেরা এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। যেহেতু এবার ঈদেও তিনি শুধু এটিএন বাংলার জন্যই নাটক নির্মাণ করেছেন, তাই তাদের বিশ্বাস বরাবরের মতো এবারও এ সময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।
‘পরিণামে পরিণয়’ নাটকটির প্রধান কটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, নওরীন হাসান খান জেনী ও আরফান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, কে এস ফিরোজ, সোলায়মান খোকা, শিরিন আলম, সুভাশীষ ভৌমিক, ইকবাল, নজরুল, মতি, ফরিদসহ আরও অনেকে।
হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় ‘পরিণামে পরিণয়’ নাটকের সূচনাসংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রূপু। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। এটিএন বাংলায় ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।