হানিমুন কটেজে রণবীর-ক্যাটরিনা!

বছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরি খেলে সবাইকে বোকা বানাচ্ছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। কিন্তু তার পরও এখন পর্যন্ত তাঁদের সম্পর্কের নানা তথ্য দিয়ে বহুবারই হাটে হাঁড়ি ভেঙেছে সংবাদমাধ্যম। এবার তাঁদের হানিমুন কটেজের খবর ফাঁস করেছে ওয়ান ইন্ডিয়া। প্রকাশিত খবরে বলা হয়েছে, ‘জগ্গা জাসুস’ ছবির শুটিংয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা। সেখানে একটি কটেজে একই ছাদের নিচে থেকেছে এ জুটি। মজার বিষয় হলো, যে কটেজে তাঁরা ছিলেন সেটি হানিমুন কটেজ নামেই পরিচিত।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগুন ছাড়া তো আর ধোঁয়া ছড়ায় না! রণবীর-ক্যাটরিনার মধ্যে যে বিশেষ সম্পর্ক রয়েছে তা তাঁদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। দক্ষিণ আফ্রিকায় ‘জগ্গা জাসুস’ ছবির শুটিংয়ের বাহানায় প্রচুর সময় তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। সেখানে ঘন ঘন নৈশভোজে অংশ নিতে দেখা গেছে তাঁদের। একসঙ্গে কেনাকাটা করতে গিয়ে ক্যামেরাবন্দীও হয়েছেন তাঁরা। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকায় একই ছাদের নিচে বসবাস করেছেন তাঁরা।

‘জগ্গা জাসুস’ ছবির শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ফিকসবার্গ ও জোহানেসবার্গে। ফিকসবার্গে একটি কটেজে রণবীর-ক্যাটরিনার থাকার ব্যবস্থা করা হয়। সেখানে তাঁরা একই ঘরে থেকেছেন। হানিমুন কটেজ নিয়ে ছবির দলের সদস্যরা এই জুটিকে খোঁচানোর চেষ্টাও করেছেন। অবশ্য বিষয়টিকে একদমই পাত্তা না দিয়ে খোঁচা হজম করেছেন রণবীর-ক্যাটরিনা।
এদিকে রণবীর তাঁর প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে মুম্বাইয়ের কার্টার রোডের একটি ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হয় কিছুদিন আগে। প্রকাশিত খবরে দাবি করা হয়, কয়েক মাস ধরেই একসঙ্গে বসবাসের জন্য নতুন বাড়ি খুঁজছিলেন রণবীর-ক্যাটরিনা। অবশেষে পছন্দমতো বাড়ি তাঁরা খুঁজে পেয়েছেন। সম্প্রতি ‘জগ্গা জাসুস’ ছবির শুটিং শেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন রণবীর-ক্যাটরিনা। বান্দ্রার কার্টার রোডে অবস্থিত একটি ফ্ল্যাটে তাঁরা উঠতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে তাঁরা দুজনই দারুণ উচ্ছ্বসিত।
শুধু তা-ই নয়, দক্ষিণ আফ্রিকায় শুটিং চলাকালে সময় পেলেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে রণবীর-ক্যাটরিনাকে। সেখানে প্রচুর কেনাকাটা করেছেন এ প্রেমিক যুগল। হেঁশেলে ব্যবহার করা হয় এমন অনেক কিছুই কিনেছেন ক্যাটরিনা। অনেকগুলো ব্যাগ ভরা জিনিস নিয়ে দেশে ফিরেছেন তাঁরা। নতুন বাড়ির জন্যই দক্ষিণ আফ্রিকা থেকে জিনিসগুলো কিনেছেন রণবীর-ক্যাটরিনা।
প্রসঙ্গত, মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত কৃষ্ণরাজ বাংলো বাড়িতে মা-বাবার সঙ্গে থাকেন রণবীর। প্রেমিকের সঙ্গে সময় কাটাতে প্রায়ই ওই বাড়িতে যান ক্যাটরিনা। ক্যাটের এই ঘন ঘন যাতায়াতের বিষয়টিকে একদমই সমর্থন করেন না রণবীরের বাবা ঋষি কাপুর। মূলত এ কারণেই রণবীর মনে করছেন, নতুন বাড়িতে ওঠাটাই তাঁর জন্য ভালো হবে।
অনেক দিন থেকেই কৃষ্ণরাজ বাংলো বাড়িতে ঘন ঘন যাতায়াত করেন ক্যাটরিনা। এমনকি মাঝরাতে সেখানে হাজির হয়ে মুখরোচক খবরের জোগানও দিয়েছেন ক্যাট। রণবীরের বাড়িতে ক্যাটরিনা তাঁর জন্মদিনও উদযাপন করেছেন। কিন্তু স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে ছুটি কাটানোর সময় রণবীর ও ক্যাটরিনার অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনার পর কৃষ্ণরাজ বাংলো বাড়িতে ক্যাটরিনার ঘন ঘন যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ঋষি কাপুর। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন ঋষি।