হানিমুনে মালদ্বীপে
২২ অক্টোবর ভারতের রাজস্থানে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কৌতুক অভিনেতা ও লেখক রাসেল ব্যান্ড এবং মার্কিন গায়িকা কেটি পেরি। বিয়েটির অনুষ্ঠানে ছিল পুরোপুরি ভারতীয় আমেজ। বর-কনের পোশাক-আশাক থেকে শুরু করে সাজসজ্জা আর আনন্দ আয়োজন, সবখানেই ছিল ভারতীয় ঐতিহ্যের ছাপ। বিয়ের অনুষ্ঠান সেরে দুজনেই উড়াল দেন হানিমুনের উদ্দেশে মালদ্বীপে। রাজস্থানের রনথনম্ভোর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তাঁরা জয়পুর যান। জয়পুর থেকে তাঁরা মালদ্বীপের উদ্দেশে পাড়ি দেন। জয়পুরে এই নবদম্পতিকে বিদায় জানান উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও তাঁদের মা-বাবা। তবে রাসেল ব্যান্ড ও কেটি পেরি চার্টার্ড ফ্লাইটে গেলেও তাঁদের আত্মীয়স্বজনেরা গিয়েছেন গাড়িতে চড়ে। এদিকে রাসেল ব্যান্ড ও কেটি পেরি মধুচন্দ্রিমা উদযাপন করতে মালদ্বীপে গেলে তাঁদের মা-বাবারা অন্য একটি ফ্লাইটে চড়ে মুম্বাই হয়ে লন্ডনে চলে যান বলে জানা গেছে।