হাবলঙ্গের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবলঙ্গের বাজার হলো শেষ বিচারের দিনের মেটাফর। এই নামে ঈদের নাটক বানাচ্ছি। বড় বড় সব অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন। নাটকে নাপিতের একটি চরিত্র আছে। এই চরিত্রের জন্য কাউকে ডাকা হয়নি। কারণ আমার মাথায় অন্য পরিকল্পনা আছে। চ্যালেঞ্জার এসেছে তার স্ত্রীকে নিয়ে নাটকের নির্মাণ দেখতে। আমার চোখ চ্যালেঞ্জারের দিকে।নাপিতের অংশটি শুরু করার মুহূর্তে চ্যালেঞ্জারকে ডেকে বললাম, এসো, নাপিতের অভিনয় করো।সে আকাশ থেকে নয়, অন্য গ্যালাক্সি থেকে পড়ল। হতভম্ব গলায় বলল, স্যার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?আমি বললাম, কোনো কথা নয়। ধুতি পরো। ক্ষুর হাতে নাও।চ্যালেঞ্জারের অভিনয়জীবনের এই হলো শুরুর গল্প। এর পরপরই তাকে এক ঘণ্টার একটা নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য ডাকি। নাটকের নাম খোয়াব নগর। খোয়াব নগর-এ আমার মেজো মেয়ে শীলা অভিনয় করেছিল। নাটকের শুটিংয়ের এক ফাঁকে শীলাকে বললাম, মা, সম্পূর্ণ নতুন এই অভিনেতার অভিনয়ক্ষমতা কেমন?সে বলল, খুব ভালো।আমি বললাম, ‘খুব ভালো’ কোনো কাজের কথা নয়। আসাদুজ্জামান নূরের সঙ্গে তুলনা করো।সে বলল, তাঁর অভিনয়ক্ষমতা কোনো অংশেই নূর চাচার চেয়ে কম নয়।শুরু হলো সাধারণ এক প্রেসমালিকের অভিনয়জগতে দৃপ্ত পদচারণ।সবাই বলবে, বাংলাদেশ একজন বড় অভিনেতাকে হারাল। আমি বলছি, আমরা একজন ভালো মানুষ হারিয়েছি। অভিনেতা তৈরি করা যায়। ভালো মানুষ তৈরি করা যায় না। তৈরি করা গেলে আমি ভালো মানুষ তৈরির একটা স্কুল দিতাম।চ্যালেঞ্জারের বিষয়ে আমার অনেক স্মৃতি আছে। একটি উল্লেখ করছি। আমরা দল বেঁধে বেড়াতে গেছি চীনের বেইজিং শহরে। যাওয়ার পথে হংকংয়ের ডিজনিল্যান্ড দেখার জন্য যাত্রাবিরতি। চ্যালেঞ্জার ও তার স্ত্রী ডিজনিল্যান্ডের কর্মকাণ্ড দেখে মুগ্ধ। আমরা লাইন বেঁধে বসেছি ডিজনিল্যান্ডের বিখ্যাত কার্টুন ক্যারেক্টার শো দেখব। শো শুরু হতেই দেখি চ্যালেঞ্জার ভেউ ভেউ করে কাঁদছে। তার স্ত্রী তাকে সামলানোর চেষ্টা করছে, পারছে না।আমি বললাম, চ্যালেঞ্জার, কী সমস্যা?চ্যালেঞ্জার কাঁদতে কাঁদতে বলল, এত সুন্দর একটা দৃশ্য আমার বাচ্চা দুটি দেখতে পারছে না। তাদের নিয়ে আসার ইচ্ছা ছিল, টিকিটের টাকা জোগাড় করতে পারিনি। এই দুঃখে আমি কাঁদছি।চ্যালেঞ্জার হয়তো পৃথিবীর যেকোনো দৃশ্যের চেয়ে সুন্দর কোনো দৃশ্য দেখছে। তার বাচ্চা দুটি সেই দৃশ্য দেখতে পারছে না। এবারও কি চ্যালেঞ্জার কাঁদবে? না, কাঁদবে না। চ্যালেঞ্জার চাইবে, অকরুণ এই পৃথিবীতে তার দুই সন্তান যেন পূর্ণ জীবন পায়। অনুপস্থিত বাবার ভালোবাসা যেন তাদের ঘিরে থাকে।তার স্ত্রী সম্পর্কে কিছু না বললে লেখা অসম্পূর্ণ থাকবে। তার স্ত্রীকে আমি ডাকি ‘চ্যালেঞ্জারনি’। তার আসল নাম ঝর্না। সে যে আদর, মমতা ও ভালোবাসা নিয়ে চ্যালেঞ্জারের পাশে ছিল, তার তুলনা নেই।চ্যালেঞ্জার দুর্ভাগ্যের সন্তান। অনেক দুর্ভাগ্যের মধ্যে তার একটি সৌভাগ্য হলো, সে ঝর্নার মতো একজন স্ত্রী পেয়েছিল। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন বিখ্যাত অভিনেতার এক অখ্যাত স্ত্রীর চোখের জল কমাতে সাহায্য করেন। আমিন।১৫.১০.২০১০