হাবিব ওয়ারফেজ ও অর্থহীনের ‘সমর্পন’
ফকির লালন শাহ্, হাছন রাজা ও শাহ আবদুল করিমের সাতটি গান নিয়ে বাংলালিংক মিউজিক স্টেশনে মুক্তি পাচ্ছে রিমেক অ্যালবাম ‘সমর্পন’। কাল সোমবার থেকে বাংলালিংক গ্রাহকেরা ৫৮৫৮ নম্বরে ডায়াল করে অ্যালবামের গানগুলো শুনতে পারবেন। এ উপলক্ষে আজ রোববার দুপুরে স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা (অপারেশনস) রাশেদ হাসান, ডেডলাইন মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর চৌধুরী, ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু ও অর্থহীন ব্যান্ডের রাফা। সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল থেকে বাংলালিংক মিউজিক স্টেশনে ‘সমর্পন’ অ্যালবামের সবগুলো গানই শুনতে পারবেন শ্রোতারা। এ অ্যালবামে স্থান পাওয়া সাতটি গানের মধ্যে তিনটি করে মোট ছয়টি গান রিমেক করেছে ব্যান্ড ওয়ারফেজ এবং অর্থহীন। আর বাকি একটি গান করেছেন হাবিব। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মিউজিক স্টেশনে প্রকাশের পর ‘সমর্পন’ অ্যালবামটি সিডি আকারে প্রকাশিত হবে আগামী ২৫ আগস্ট। ব্যানার ডেডলাইন মিউজিক। ‘সমর্পন’ তৈরি এবং প্রকাশ প্রসঙ্গে রাশেদ হাসান বলেন, বাংলালিংক বরাবরই বাংলাদেশের কৃষ্টি-কালচারের সঙ্গে জড়িত ছিল। তারই ধারাবাহিকতায় কিংবদন্তি তিন বাউল শিল্পীর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই ‘সমর্পন’। তিনি অ্যালবামসংশ্লিষ্ট শিল্পী এবং পরিবেশনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, অডিও-ভিডিও ইন্ডাস্ট্রি পাইরেসি নামে যে মহামারিতে আক্রান্ত সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যেই আমরা মিউজিক স্টেশনের মাধ্যমে প্রথমে গানগুলো প্রকাশ করেছি। আমরা বিশ্বাস করি, এই প্রক্রিয়ায় পাইরেসি থেকে আমরা অনেকটাই মুক্তি পাব। এদিকে ‘সমর্পন’ অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো আরশী নগর, খাঁচার ভিতর, জাত গেল, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, মাটির পিঞ্জিরা, লোকে বলে বলে রে, একদিন তোর হইব রে মরণ। জানা গেছে, গানগুলোর কথা ও সুর ঠিক রেখে আধুনিক এবং রক মিউজিকে সাজানো হয়েছে সমর্পন অ্যালবামটি। যা নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।