হাবিবের সুরে বালামের গান
হাবিব ও বালাম কিশোর বয়সে একসঙ্গে অনেক গান করেছেন। সেগুলো ছিল রেনেগেটস ব্যান্ডের জন্য। কারণ তাঁরা দুজনই ছিলেন ওই ব্যান্ডের সদস্য। কিন্তু জনপ্রিয় হওয়ার পর তাঁদের একসঙ্গে আর সেভাবে পাওয়া যায়নি। এবার দৃশ্যটা পাল্টেছে। হাবিবের সুরে গান গাইলেন বালাম। গত শনিবার রাতে ঢাকার গ্রিন রোডের হাবিবের স্টুডিওতে বালাম গানটিতে চূড়ান্ত কণ্ঠ দেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রজাপতি চলচ্চিত্রে ব্যবহার করা হবে গানটি। কবির বকুলের লেখা গানটির কথা হলো ‘তুমি ফিরিয়ে দিয়েছ বলে, যাব না তো ফিরে।’হাবিব বললেন, ‘বালামকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনাটা প্রজাপতি ছবির পরিচালকের। আমার সুরে বালাম গান গাইলেন, এটা খুবই আনন্দের। ওনার কণ্ঠের কারুকাজ ও গভীরতা অনেক। আর আমিও তাঁর মতো করেই গানটির সুর করেছি।’বালাম বললেন, ‘এবার নতুন করে আমরা দুজন এক হলাম। গানের কথা ও সুর খুব ভালো লেগেছে। আর আমিও সেভাবেই গানটি গাওয়ার চেষ্টা করেছি। এত দিন তো শুধু নিজের সুরেই গান করেছি, এবার অন্যের সুরে গান করার অনুভূতিটা বুঝতে পারলাম।’প্রজাপতি চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী, জাহিদ হাসান ও মোশাররফ করিম।