হামলায় আহত লিন্ডসে!
নিউইয়র্কের একটি হোটেলে হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের ওপর এক যুবক হামলা চালিয়েছে—এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর রোববার স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এ হামলায় লিন্ডসে আহত হয়েছেন বলেও দাবি করেন তাঁর মুখপাত্র স্টিভ হনিগ।এ প্রসঙ্গে স্টিভ বলেন, ‘লিন্ডসের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।’লিন্ডসের কাছের এক সূত্রের বরাতে টিএমজি জানিয়েছে, নিউইয়র্কের একটি হোটেলে ২৫ বছর বয়সী এক যুবক তাঁর সেলফোনে লিন্ডসের ছবি তুলছিলেন। বিষয়টি টের পাওয়ার পর সেলফোন থেকে ছবিগুলো মুছে দিতে বলেন লিন্ডসে। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে লিন্ডসের ওপর হামলা চালিয়ে বসেন ওই যুবক।পরে পুলিশকে লিন্ডসে বলেন, ‘তর্কবিতর্কের একপর্যায়ে যুবকটি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমার ওপর উঠে বসে এবং আমার শ্বাসরোধ করার চেষ্টা করে। ঠিক তখনই কেউ একজন যুবকটিকে টান দিয়ে সরিয়ে নেয় এবং আমাকে উদ্ধার করে।’এদিকে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় লিন্ডসে ও অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি নেওয়া হয়েছে। শুরুতে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়েছে।