
ফটক পেরিয়ে বড় একটি খোলা জায়গা। শিল্পী হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী হচ্ছে সেখানে। ভাস্কর্যগুলো এমনভাবে রাখা হয়েছে, যেন এরা প্রকৃতিরই অংশ।
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নিজস্ব ভবন আইএবি সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীর বেশির ভাগ ভাস্কর্য করা হয়েছে মার্বেল ও গ্রানাইট পাথর দিয়ে। ব্যবহার করেছেন ব্রোঞ্জ, লোহা, ইস্পাতও। প্রদর্শনী নিয়ে শিল্পী বললেন, ‘পাথর প্রকৃতিরই একটি উপাদান। পাথরের মধ্য দিয়ে জীবনের প্রবাহ খুঁজেছি।’
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী রফিকুন নবী, স্থপতি শাহ আলম দস্তগীর, মোবাশ্বের হোসেন, আবু সাঈদ এম আহমেদ ও ইকবাল হাবিব। তাঁরা প্রাচ্য ও পাশ্চাত্যের উদাহরণ দিয়ে ভাস্কর্য ও স্থাপত্যের মেলবন্ধনের কথা বললেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বললেন নগরে বিভিন্ন স্থাপনার পাশে ভাস্কর্য স্থাপনের পরিকল্পনার কথা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ঘোষণা দেন, সোহরাওয়ার্দী উদ্যানে একটি ভাস্কর্য উদ্যান হবে। তাঁরা দুজন প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনী চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা।