হামিদুর রাহমান পুরস্কার পেলেন মুর্তজা বশীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট মিলনায়তনে হামিদুর রাহমান পুরস্কার ২০১৫ গ্রহণ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন মুর্তজা বশীর l ছবি: প্রথম আলো
ছায়ানট মিলনায়তনে হামিদুর রাহমান পুরস্কার ২০১৫ গ্রহণ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন মুর্তজা বশীর l ছবি: প্রথম আলো

ছায়ানট মিলনায়তনে গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই দেখানো হয় ২০০৫ সালে নির্মিত বেঙ্গল ফাউন্ডেশন প্রযোজিত তথ্যচিত্র ‘মুর্তজা বশীর: শিল্প অন্বেষার ৫৫ বছর’।
এরপর হামিদুর রাহমানের পরিবারের পক্ষ থেকে এলেন তাঁর ভাই নাট্যজন সাঈদ আহমদের স্ত্রী পারভীন আহমদ। তিনি বলেন, মুর্তজা বশীরকে তিনি প্রথম দেখেন পঞ্চাশের দশকে, পাকিস্তানের করাচিতে। পূর্ব বাংলার বেশ কয়েকজন শিল্পী তখন সেখানে খুব ভালো করছিলেন। তাঁদের মধ্যে ছিলেন তরুণ মুর্তজা বশীরও।
শিল্পী রফিকুন নবীও একই তথ্য দিলেন। তিনি যোগ করলেন, পুরো পাকিস্তান আমলে শিল্পীসমাজ আন্দোলন-সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বায়ান্নর ভাষা আন্দোলনে মুর্তজা বশীর, আমিনুর রহমান, ইমদাদ হোসেনরা অগ্রণী ভূমিকা রেখেছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী মাহমুদুল হকও। সবশেষে বলেন মুর্তজা বশীর। তিনি বললেন বন্ধু হামিদুর রাহমানের কথা। ১৯৪৮ সালে পরিচয় দুজনের। কানাডাতে বসবাসরত হামিদুর রাহমান চেয়েছিলেন বাংলাদেশে ফিরে আসতে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। বন্ধুর নামে পুরস্কারটি তাঁকে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মুর্তজা বশীর। ২০০৭ সালে হামিদুর রাহমানের স্মৃতিতে শিল্পীর পরিবার এ পুরস্কার প্রবর্তন করে। এ পুরস্কারের সার্বিক পরিচালনার দায়িত্বে আছে বেঙ্গল ফাউন্ডেশন।