হামিদুর রাহমান পুরস্কার পেলেন সৈয়দ জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন গুণী শিল্পীর নামে প্রবর্তিত পুরস্কার আরেকজন গুণী শিল্পী পেয়েছেন। এটা যেকোনো শিল্পানুরাগীর জন্য আনন্দের সংবাদ। এ জন্য পুরস্কার পরিচালনা পরিষদকে ধন্যবাদ এবং পুরস্কারপ্রাপ্ত শিল্পীকে অভিনন্দন।’হামিদুর রাহমান পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা এভাবেই বলছিলেন। গতকাল সোমবার বিকেলে বেঙ্গল ফাউন্ডেশন তাদের ধানমন্ডির শিল্পালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এবার পুরস্কার পেয়েছেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। শিল্পীর হাতে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও স্থপতি রবিউল হুসাইন। আরও বক্তব্য দেন শিল্পী আবু তাহের। হামিদুর রাহমানের পরিবারের পক্ষে বক্তব্য দেন পারভীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী। শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে সরকারি চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।