হার না মানা প্রসেনজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দীর্ঘ কয়েক মাস নাপিতের কাছ যাইনি। স্বেচ্ছানির্বাসনে ছিলাম। ধ্যানে থাকতে হয়েছে। কাজটা ছিল সাধনা। আর এমন একটি ছবি যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি হিসেবে পুরস্কার পায়, তখন আমি কেন, এ ছবির সব শিল্পী-কুশলীই ভীষণ খুশি।’ বলছিলেন মনের মানুষ ছবির লালন চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ । নিজে পুরস্কারের আশা করেছিলেন কি না?মুঠোফোনের অপর প্রান্ত থেকে হাসির শব্দ শোনা যায়। প্রসেনজিৎ এখন আছেন ওপার বাংলায়। গত সপ্তাহেই মনের মানুষকে সেরা ছবির পুরস্কার হিসেবে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল পুরস্কার তুলে দেন। এর পরই গত রোববার মুঠোফোনে যোগাযোগ করা হয় মনের মানুষ ছবির অভিনেতা প্রসেনজিতের সঙ্গে।‘গৌতম ঘোষ খুবই মজার মানুষ। তার ওপর দুই বাংলার শিল্পী ও কলাকুশলী মিলে যে টিম গড়ে তুলেছিলেন গৌতম, তাতে আমার কাছে মনে হয়েছিল, আমি একটা পরিবারের সঙ্গে আছি, যে পরিবারের মানুষগুলো একটি ভালো কাজের জন্য দিন-রাত পরিশ্রম করেছে। তারই ফল হিসেবে মিলেছে এমন একটা সম্মান।’প্রসেনজিৎ নিজের পুরস্কারের আশা করেছিলেন কি না—এমন প্রশ্নটি দ্বিতীয়বার করলাম বলে আর হাসলেন না। ‘প্রত্যেক মানুষই তার কাজের একটা মূল্যায়ন চায়। আমি হয়তো সে রকম কিছু একটা প্রত্যাশা করেছিলাম। ছবিটি মুক্তির পর আমি তা পেয়েছিও। যেমন: অনেকেই আমাকে দেখে নমস্কার জানিয়ে বলেছে, “বাবা, লালনের দর্শন পাইনি, তবে তোমার মাধ্যমে সেই আশাটুকু পূরণ হয়েছে।” এই যে সাধারণ মানুষের এমন ভালোবাসা, এই মূল্যায়নও কিন্তু অনেক বড়। আর পুরস্কার তো অনেক সময় মেলে, আবার মেলে না। সেটা নিয়ে আসলে আগেভাগে বলা যায় না যে এই কাজটার জন্য পুরস্কার পাব বা পাব না।’মনের মানুষ ছবিতে কাজ করার জন্য প্রসেনজিৎ অনেক দিনই বাণিজ্যিক ছবিতে কাজ করতে পারেননি। অনেকেই মনে করেছিলেন, বিরতির কারণে প্রসেনজিৎ তাঁর অনেক কাজই হারাবেন। কিন্তু জনপ্রিয়তা যাঁর হিমালয়ের মতো, তাঁকে কি আর দূরে সরিয়ে রাখা যায়।প্রসেনজিৎ আবারও ব্যস্ত সময় কাটাচ্ছেন বাণিজ্যিক ছবি নিয়ে। একেকটি ছবির বাজেট কয়েক কোটি টাকা। মনের মানুষ-এর মতো একটি নান্দনিক ছবিতে কাজ করার পর বাণিজ্যিক ছবিতে ফিরে আসতে কোনো সমস্যা মনে হয়নি?প্রসেনজিৎ বললেন, ‘ছবি তো ছবিই। আমি অভিনয়শিল্পী। সেটা বাণিজ্যিক হোক আর নান্দনিক ছবি হোক। পরিচালক বলেন, চরিত্র বলেন—পছন্দ করে কাজ করি। কোনো জাত নেই, পাত নেই।’কলকাতা চলচ্চিত্রে প্রায় তিন দশক থেকেই প্রসেনজিৎ অভিনয় করছেন। অনেক নতুন শিল্পী আসছেন, আবার হারিয়ে যাচ্ছেন। এ ছাড়া কেউ কেউ কাজ করছেন এখনো। প্রসেনজিৎ দীর্ঘ সময় নিজেকে কীভাবে ধরে রাখলেন?‘সবই মানুষের ভালোবাসা। আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরাই আমাকে অভিনয়ে ধরে রেখেছেন। এই ভালোবাসাটা পাওয়া খুবই কঠিন। তবে আমাদের এখানে এখন অনেক নতুন শিল্পী আসছে। ওরা ভালো করছে। ওদের মেধা আছে। ওদেরও এখন অনেক ভক্ত হয়েছে। আমাদের চলচ্চিত্রশিল্পটাও জমজমাট হয়ে উঠেছে। বড় ছবি হচ্ছে অনেক। ভালো লাগে, আমাদের বদলে যাওয়া শিল্পটার দিকে তাকালে।’প্রসেনজিতের ভালো লাগারই কথা। ১২ বছর আগে প্রসেনজিৎ যখন ঢাকার ছবিতে অভিনয় করতে এসেছিলেন, তখন কলকাতায় এক লাখ রুপি নিতেন। ঢাকায় এসে নিয়েছেন দুই থেকে তিন লাখ রুপি। আজ কলকাতায় তিনি পারিশ্রমিক নেন ৩০ লাখ রুপি। ঢাকায় এখন আর কাজ করেন না। তবে ঢাকার শিল্পীদের প্রশংসা করতে ভোলেননি। রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রোকেয়া প্রাচী, চঞ্চল চৌধুরী—সবারই ঢের প্রশংসা করলেন। প্রশংসা করতে ভোলেননি দিতির। বাংলাদেশে প্রিয় শত্রু নামের একটি ছবিতে তিনি দিতির সঙ্গে কাজ করেছিলেন। বলেছেন, সময়-সুযোগ মিললে আবার ঢাকার ছবিতে কাজ করবেন। সাগর মৈত্রী (সাক্ষাৎ কারটি টেলিফোনে নেওয়া)