হারকিউলিস আসছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ ছবির পোস্টার
‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ ছবির পোস্টার

হারকিউলিসের কথা ভাবতেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য বীরত্বের গল্প-গাথা। অদম্য শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে নানা প্রতিকূল পথ পাড়ি দিয়ে এগিয়ে যাওয়া হারকিউলিস অনেকেরই হূদয়ে হিরো হয়ে আছে। সেই হিরো এবার আসছে স্টার সিনেপ্লেক্সে। তবে সত্যিকারের হারকিউলিস নয়, পর্দার হারকিউলিস। ২১ মার্চ শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্রিক পৌরাণিক কাহিনির পরাক্রমশালী বীর হারকিউলিসকে নিয়ে নির্মিত ছবি ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’।
১৯৯৭ সালে সর্বশেষ হারকিউলিস চরিত্রটি নিয়ে ছবি নির্মাণ করেছিল ডিজনি। সেটি ছিল অ্যানিমেটেড ছবি। এ বছর তাকে আরও দুবার বড় পর্দায় পাচ্ছেন দর্শকেরা, যার একটি ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’। গত ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ছবিটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ’টোয়াইলাইট’খ্যাত কেলান লাত্জ।
এক সাক্ষাত্কারে ‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ ছবিতে অভিনয় প্রসঙ্গে ২৮ বছর বয়সী এই মার্কিন তারকা বলেন, ‘তারুণ্যের সময় থেকেই ক্যাপ্টেন প্লানেট, হি-ম্যান, টারজান কিংবা হারকিউলিসের মতো অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলাম। আমার কল্পনার জগতে তাদের পাশাপাশি ঘুরে বেড়াত মুগলি আর নিনজা টার্টেলস। তবে সব সময়ই আমার প্রিয় নায়ক হারকিউলিস। এ ছবিতে অভিনয় করে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আর পৌরাণিক কাহিনি নিয়ে আমার পড়াশোনা ছিল। স্কুলে পড়ার আগেই ইলিয়াড এবং ওডিসি পড়ে ফেলেছিলাম।’

‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’-এ তুলে ধরা হয়েছে হারকিউলিসের তারুণ্যের গল্প। তার বাবা রাজা অ্যাম্ফিট্রাইয়ন কখনো সন্তানকে মেনে নিতে রাজি নন। অন্যদিকে সত্ভাই ইফিকেলসও হারকিউলিসের শক্তি আর সামর্থ্যে ঈর্ষান্বিত। তাই তাকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। দাসত্বের জীবন থেকে মুক্তি ও রাজত্ব ফিরে পেতে যুদ্ধে নামে হারকিউলিকস। ছবিটির বেশির ভাগ মারামারির দৃশ্যে নিজেই অভিনয় করেছেন কেলান লাত্জ।
‘দ্য লিজেন্ড অব হারকিউলিস’ ছবিটি পরিচালনা করেছেন ‘ডাই হার্ড টু’, ‘ক্লিফহ্যাঙ্গার’-এর পরিচালক রেনি হারলিন।