হারিয়ে গেল ‘হিরের আংটি’
‘হিরের আংটি’ দিয়েই চলচ্চিত্রে এসেছিলেন ওপার বাংলার বিশিষ্ট চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। এর পর থেকে মোট ১৯টি ছবি নির্মাণ করেছেন এই নির্মাতা। হিরের দ্যুতি ছড়িয়েই যেন বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তিনি। কিন্তু সেই হিরের আংটি আজ হারিয়ে গেল।কলকাতায় নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষ৷ আজ ৩০ মে সকাল সাতটায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ ভুগছিলেন প্যানক্রিয়াটাইটিস রোগে। কলকাতার ‘আনন্দ বাজার’ পত্রিকা এক খবরে এ তথ্য জানিয়েছে।ঋতুপর্ণ ঘোষের জন্ম ১৯৬৩ সালের ৩১ আগস্ট, কলকাতায়৷ কলকাতাতেই বেড়ে ওঠা আর পড়াশোনা। মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন তিনি। এই স্বল্প সময়েই ঋতুপর্ণ ১৯টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। কাজের স্বীকৃতিতে পেয়েছেন ১২টি জাতীয় পুরস্কার। ঋতুপর্ণ পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দহন’, ‘উত্সব’, ‘চোখের বালি’, ‘আবহমান’, ‘নৌকাডুবি’ প্রভৃতি। ১৯৯৫ সালে ‘উনিশে এপ্রিল’ চলচ্চিত্রের জন্য প্রথম জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ৷‘সানগ্লাস’ ও ‘রেইনকোট’ নামের দুটি হিন্দি চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি৷ অমিতাভ বচ্চনকে নিয়ে ইংরেজিতে ঋতুপর্ণ নির্মাণ করেছেন ‘দ্য লাস্ট লিয়র’। বলিউডের অভিনয়শিল্পীদেরও টেনে এনে বাংলা চলচ্চিত্রে অভিনয় করিয়ে নিতেন এই নির্মাতা। তাঁর চলচ্চিত্রে অভিনয় করেছেন বিপাশা বাসু, রিয়া ও রাইমা সেন, অভিষেক বচ্চন, সোহা আলী খান, ঐশ্বরিয়া রাই প্রমুখ। বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানকে নিয়ে বাংলা ভাষার নতুন একটি চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছিলেন তিনি। সুইডেনের পরিচালক ইঙ্গমার বার্গম্যানের প্রভাব তাঁর মধ্যে দেখা যায়। ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর ভালোবাসা। তাঁর ‘নৌকাডুবি’ চলচ্চিত্রে তিনি তার প্রকাশ ঘটিয়েছেন। সমালোচিত ছিলেন তাঁর ‘চিত্রাঙ্গদা’য় অভিনয় নিয়ে। সর্বশেষ ‘ব্যোমকেশ’ ছবিটি নিয়ে কাজ করছিলেন তিনি, অসমাপ্তই থেকে গেল কাজটি। নব্বইয়ের দশকে ছোটদের জন্য ‘হিরের আংটি’ চলচ্চিত্র দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, সে পথ ধরেই এসেছিল ‘১৯শে এপ্রিল’, ‘দহন’ ‘বাড়িওয়ালি’ ‘অসুখ’, ‘উত্সব’, ‘চোখের বালি’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র।‘আর একটি প্রেমের গল্প’, ‘মেমোরিজ ইন মার্চ’ ও ‘চিত্রাঙ্গদা’ চলচ্চিত্রে ঋতুপর্ণ ঘোষ অনবদ্য অভিনয় করেছেন। এ চলচ্চিত্র তিনটিতে ছিল ভিন্ন মাত্রা, ভিন্ন ধারা। একদিকে সমালোচনা, আরেক দিকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। চলচ্চিত্র দেখার জন্য টালিউডের দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র রেখেছে অসামান্য অবদান। একটু ভিন্ন ধাঁচে দর্শকের ভালো লাগার বিষয়গুলো সুন্দরভাবে তুলে আনতে পারতেন তিনি। অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গন যেন এক মূল্যবান হিরের আংটিই হারাল।‘আমি খুব কষ্ট পেয়েছি। আর কথা বলতে পারছি না। ঋতু আমাদের ছেড়ে চলে গেল। চলচ্চিত্র অঙ্গনে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল।’ এভাবেই টুইটারে মনের কথা টুইট করেছেন বলিউডের পরিচালক মাধুর ভান্ডারকর। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণে কষ্টের কথা বিভিন্নভাবে ব্যক্ত করছেন ভারতের অনেক চলচ্চিত্রকর্মী। কষ্ট পেয়েছেন তাঁর চলচ্চিত্রের ভক্তরাও।