হার্নেটের প্রেমে বিপাশা বসু
দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কের অবনতির পর বেশ একা হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। জন যখন বিপাশা থেকে মুক্ত হয়ে অন্যদিকে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই রানা ডাঙ্গুতি নামের বলিউডের একজন উঠতি অভিনেতার সঙ্গে বিপাশার প্রেমের খবর চাউর হতে থাকে। ‘দম মারো দম’ ছবিতে দুজনের বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যও সংযোজিত হয়েছে। এ নিয়ে অবশ্য তাঁদের কারোরই কোনো অভিযোগ ছিল না। এ ছাড়া বিপাশাকে কেউ কিছু বললে তাতে রানা ডাঙ্গুতিকে খুব প্রতিক্রিয়াশীল দেখা যেত । আসল খবর হলো, বিপাশা এখন রানা ডাঙ্গুতি নয়, এক হলিউড অভিনেতার সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন। শুটিং এবং শুটিংয়ের বাইরেও তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, বিপাশা বর্তমানে হলিউডের ছবি ‘সিঙ্গুলারিটি’র শুটিংয়ে ব্যস্ত। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ‘পার্ল হারবার’ ছবির আলোচিত অভিনেতা জোশ হার্নেট। অনেকে আবার ভাবতে শুরু করেছেন, বিপাশা এখন রানা ডাঙ্গুতিকে বিদায় জানিয়ে হলিউডের এই অভিনেতার বাহুডোরে আশ্রয় নিয়েছেন। সূত্রমতে জানা গেছে, আবারও বিপাশা খুবই বন্ধুবত্সল একজন সহ-অভিনেতার দেখা পেলেন। গত রোববার মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে বিপাশা ও হার্নেটের আলাপ হয়। অনুষ্ঠানে আলাপচারিতার একপর্যায়ে তাঁর দুজন বেশ ঘনিষ্ঠ হন। এমনকি ছবির কলাকুশলীরা যেখানে অন্য একটি হোটেলে অবস্থান করেন, সেখানে বিপাশা ও হার্নেট ছিলেন একই হোটেলে। দুজনের এমন আচরণের রহস্য আরও বেশি দানা বাঁধতে শুরু করে। কিছুদিন আগে বিপাশা একজন সাংবাদিককে খুদে বার্তায় জানিয়েছিলেন, তিনি একাকী জীবনটা বেশ উপভোগ করছেন। কিছুদিন যেতে না যেতেই বিপাশার সেই কথাটা আর সত্য হয়ে থাকল না। এদিকে কেউ কেউ বলছেন, বিপাশা তাঁর কাঙ্ক্ষিত হলিউড ব্যক্তিরই দেখা পেয়েছেন।