হার্ভার্ড স্কয়ারে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘলা আকাশ, ঝড়বৃষ্টির তোয়াক্কা না করে একদল বাঙালি নেচে নেচে, দুলে দুলে গাইছে ‘পাগলা হাওয়ার বাদল দিনে...’ এ আর নতুন কী? কিন্তু স্থানটি যদি হয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কয়ার, তখন নিশ্চয় সেটা আগ্রহ জাগায়। তাইতো হার্ভার্ড স্কয়ারের পথচারীরা যেতে যেতে থেমেছেন। একে অন্যকে জিজ্ঞেস করে জেনেছেন নোবেলজয়ী এক বাঙালি কবির জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারত—দুই বাংলার রবীন্দ্রপ্রেমী প্রবাসী বাঙালিরা শোভাযাত্রার আয়োজন করে, বোস্টনের হার্ভার্ড স্কয়ারে, গত ৮ মে (বাংলাদেশে তখন ৯ মে)। তাঁদের কণ্ঠে ছিল রবীন্দ্রনাথের গান—‘চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ’, হাতে ছিল রবীন্দ্রনাথের ছবি, ব্যানার। বাজছিল ঢোল, মন্দিরা।পরনে বাঙালি পোশাক। হুইলচেয়ারে করে প্রবীণ রবীন্দ্রপ্রেমী যেমন এসেছিলেন, তেমনি বাবা-মায়ের সঙ্গে এসেছিল শিশুরা। বোস্টনের একটি রবীন্দ্রসংগীত শিক্ষায়তন ‘স্বরলিপি’, তাদেরই এই উদ্যোগ। আর গলায় হারমোনিয়াম ঝুলিয়ে যে ছেলেটি গাইছে, সে বোস্টনপ্রবাসী বাংলাদেশের ছেলে তাপস। ও বিশ্বাস করে, যতক্ষণ প্রাণ, ততক্ষণ গান। বোস্টনে ‘আমরা কজন’ নামের একটি গানের দলেরও কান্ডারি সে।