হাসন রাজার ছায়াসঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপীবাগের জমিদারবাড়িতে প্রিয়তমেষু ছবির শুটিং চলছিল সেদিন। শুটিংয়ের ব্যস্ততা, হই-হট্টগোল—এসবের মধ্যেই জানা গেল, ব্রিটেন থেকে একজন পরিচালক এসেছেন। মুরাদের সঙ্গে আলাপ করতে চান। পরিচালকের নাম রুহুল আমিন। সিলেটি বংশোদ্ভূত এই নির্মাতার কাজের ক্ষেত্র ব্রিটেন। লন্ডনে আলোচিত হয়েছে তাঁর বেশ কয়েকটি তথ্যচিত্র। এখন হাসন রাজাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র তৈরির কাজে হাত দিয়েছেন তিনি। হাসন রাজার চরিত্রে অভিনয় করার ব্যাপারে কথাবার্তাও পাকা হয়ে গেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তাঁর এত দূর ছুটে আসার কারণ—ছবির বিনয় চরিত্রটির জন্য তাঁর মুরাদকে চাই। খেলাঘর ছবিতে মুরাদকে দেখে রুহুল আমিনের মনে হয়েছে, বিনয় চরিত্রটির জন্য মুরাদকেই দরকার। রুহুল আমিনের ছবির বিনয় নামের মানুষটা হাসন রাজার ঘনিষ্ঠ সহচর, যে ভাই-বন্ধুর মতো সব সময় হাসন রাজার পাশে থাকে। রুহুল আমিন ইংল্যান্ডের মতো জায়গায় কাজ করছেন দীর্ঘদিন ধরে, মিঠুন চক্রবর্তী দলে আছেন। কেবল এটুকুই কি ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে যাওয়ার মূল কারণ? মুরাদ আমাদের জানাচ্ছেন, ‘না। এ দুটো ব্যাপার মাথায় ছিল না বললে ভুল বলা হবে। কিন্তু সত্যি কথা কি, আমার মনে হয়েছে তিনি একটা ভালোবাসার জায়গা থেকে কাজটা করছেন। কাজটাকে তিনি সাধনা হিসেবে নিয়েছেন। এই দিকটাই আমাকে মুগ্ধ করেছে বেশি।’ বলছিলেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ।বছর তিনেক আগে হুট করে একদিন রুহুল আমিন হাজির হয়েছিলেন প্রিয়তমেষু ছবির সেটে। এরপর ওয়ার্ক পারমিট, সবার শিডিউল মেলানো—এসব বিবিধ ঝামেলায় ছবির কাজ ঝুলে রইল বেশ কিছুদিন। এই দেরিটা সম্ভবত সুবিধাই করে দিল মুরাদকে। ছবিতে বিনয় অশ্ব চালনায় সুদক্ষ। নিজেকে গড়ে নেওয়ার জন্য মুরাদ নামলেন ঘোড়া চালনা শেখার কাজে। রাজারবাগ পুলিশ লাইনে চলল প্রাথমিক প্রশিক্ষণ পর্ব। হাসন রাজা ভুলে মুরাদ ব্যস্ত হলেন কিছুদিনের জন্য ‘নিজের মতো করে থাকা’র কাজে। তারপর এসে গেল ফেব্রুয়ারি মাস। তত দিনে কেরালার বদলে হাসন রাজার শুটিং নির্ধারিত হয়েছে মুম্বাইয়ে। ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে মুরাদ উড়ে গেলেন মুম্বাই। শুটিং স্পট মুম্বাইয়ের ন্যাশনাল পার্ক। রুহুল আমিনের দলটাতে যারা কাজ করছেন, তাঁদের একটি বড় অংশই এর আগে আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন। সব মিলিয়ে একটু কি হকচকিয়েই গিয়েছিলেন? মুরাদের কাছে প্রশ্ন। ‘তা তো কিছুটা বটেই। ওদের ব্যাপারটা আসলেই অন্য রকম। সকালে নারকেল ভেঙে পুজো দিয়ে শুটিং শুরু হয়। আর একসঙ্গে তিন ক্যামেরায় শুটিং হচ্ছিল। পারভেজ ও ফিরোজের নেতৃত্বে এই ছবির যে স্টান্ট টিম, তারা এর আগে কাজ করেছে শাহরুখ খানের সঙ্গে। শুটিংয়ের আগে আমাকে লাঠি চালনা শিখতে হয়েছে টানা দুই দিন। একটু অন্য রকম ব্যাপার তো বটেই।’ মুরাদের উত্তর।তারপর এল সেই স্মরণীয় মুহূর্ত। শুটিংয়ে হাজির মিঠুন চক্রবর্তী স্বয়ং। পরিচালক রুহুল আমিনই পরিচয় করিয়ে দিলেন তাঁর ছবির বিনয়কে। মিঠুন চক্রবর্তী জানলেন, ঘানি ছবিতে অভিনয় করে বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছেন মুরাদ। হাসিমুখে হাত মেলালেন তাঁর সহ-অভিনেতার সঙ্গে। সেদিন একটাই দৃশ্য ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে। সেটি পাশাপাশি ঘোড়া চালিয়ে যাওয়ার। শুটিংয়ের পর মিঠুন চক্রবর্তীর সঙ্গে মনে রাখার মতো কোনো অভিজ্ঞতা?‘শুটিংয়ের পর মিঠুনদার পাশে বসেছি। ভাবছিলাম, এত বড় মাপের অভিনেতা, কী-না কী ভাবেন। অস্বস্তিতে পড়ে আমি একটু দূরে সরে বসলাম। কিন্তু মিঠুনদা অন্য মানুষ। বললেন—আরে সরে বসছ কেন। আমার পাশে এসে বসো। সেই স্কুলে পড়ার বয়স থেকে তাঁর কথা জানি। একসময় ব্রেকড্যান্স করতাম আমি। মিঠুনদার ডিসকো ড্যান্সার-এর পাগল ছিলাম। সেই মানুষটার সঙ্গে কাজ করাই তো মনে রাখার মতো ব্যাপার।’ বলছিলেন মুরাদ। মঞ্চ নাটক, খেলাধুলা, বিজ্ঞাপনী সংস্থার চাকরি—জীবনে খুব কম কিছু করেননি মুরাদ। একটা সময় চাকরি-অভিনয় দুটোই করেছেন চুটিয়ে। ব্যাচেলর, ঘানি, খেলাঘর, প্রিয়তমেষু। নাটকের বাইরে ছায়াছবিও নেহাত কম করা হলো না। ক্যারিয়ারে ভাটার টান যে পড়েনি, তা নয়। কিন্তু সেই সময়টা শুধু মুখ বুজে ধৈর্য ধরে থেকেছেন মুরাদ—‘আমি খুবই সাধারণ জীবন পছন্দ করি। সব সময় নিজের মতো থাকতে চাই। আর আমার কাজটা করতে চাই একশ ভাগ সততার সঙ্গে।’ সততার সাধনার ফলও সম্ভবত মুরাদ পেয়েছেন হাতেনাতে। গুণী নির্মাতারা সব সময়ই খুঁজে নিয়েছেন তাঁকে।