হাসপাতাল ছাড়ছেন খলিল

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী খলিল। প্রয়োজনীয় চিকিত্সা শেষে তিনি এখন সুস্থ। আগামীকাল হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।
এ প্রসঙ্গে খলিলের ছোট মেয়ে ফাহমিদা খানম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘বাবা এখন ভালো আছেন। আগামীকাল তাঁকে বাসায় নিয়ে যাওয়া হবে।’
এর আগে গত মঙ্গলবার খলিল জানিয়েছিলেন, ‘ফুসফুসের সমস্যায় শারীরিক অবস্থার হঠাত্ অবনতি হয়েছিল। তড়িঘড়ি করেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলাম। প্রয়োজনীয় চিকিত্সা নেওয়া শেষ। শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালোর দিকেই। চিকিত্সকের কাছ থেকে জানতে পেরেছি, দু-এক দিনের মধ্যে বাসায় চলে যেতে পারব।’
গত রোববার শারীরিক অবস্থার অবনতি ঘটলে খলিলকে দ্রুত মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসা থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সক দাকোলা ও সাউয়ের তত্ত্বাবধানে চিকিত্সা নেন তিনি।
প্রসঙ্গত, খলিল অভিনীত প্রথম চলচ্চিত্র কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘গুন্ডা’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন খলিল। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সুমিতা দেবী ও সুলতানা জামান। এ পর্যন্ত খলিল প্রায় ৮০০ ছবিতে অভিনয় করেছেন। ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননার ক্ষেত্রে অভিনেতা খলিলের নাম ঘোষণা করা হয়েছে।