হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ফিরোজা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগম। শনিবার রাতে চিকিত্সকের পরামর্শে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ফিরোজা বেগম সম্পূর্ণ সুস্থ নন বলে জানিয়েছেন তাঁর ছেলে হামিন আহমেদ।প্রথম আলো ডটকমকে হামিন আহমেদ বলেন, ‘আম্মার সুস্থতা সন্তোষজনক। তবে শারীরিক নানা সমস্যার কারণে তাঁর সুস্থতা খুব ধীরগতিতে হচ্ছে। যেভাবে সবকিছু হচ্ছে, তাতে আরও আট-দশ দিন চলার পর বোঝা যাবে যে শারীরিক অবস্থার উন্নতি কতটুকু হয়েছে। বাসাতেই সার্বক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য সেবিকাও রাখা হয়েছে।’ হামিন আহমেদ আরও বলেন, ‘শারীরিক অসুস্থতার জন্য দেশবাসীর কাছে ভালোবাসা ও দোয়া চেয়েছেন আম্মা।’ গুরুতর অসুস্থ অবস্থায় ১৩ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফিরোজা বেগমকে। গুণী এই সংগীতশিল্পীর জন্ম ১৯৩৪ সালের ২৮ জুলাই, ফরিদপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। তাঁর বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মা বেগম কওকাবুন্নেসা। ফিরোজা বেগমের তিন সন্তান—তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান নিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি।